১৫ ঘণ্টার ব্যবধানে ট্রাকচাপায় নিহত ৩
১৫ ঘণ্টার ব্যবধানে ট্রাকচাপায় নিহত ৩। নয়া দিগন্ত গ্রাফিক্স

রংপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ইমাম, মাদরাসাশিক্ষক ও আরএফএল ডিলার রয়েছেন।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কাউনিয়া উপজেলায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ও ভোররাতে রংপুর মহানগরীতে রংপুর-দিনাজপুর মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার জানান, কাউনিয়ার ভেলুপাড়া বাজার সংলগ্ন ইটভাটার সামনে কুড়িগ্রামগামী একটি ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রংপুর মহানগরীতে কোম্পানির মিটিংয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

নিহতের নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান বাজার সংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি পেশায় প্রাণ-আরএফএল কোম্পানির ডিলার হিসেবে কর্মরত ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় কাউনিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রংপুর মহানগরীর হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আজ ভোররাত ৪টার মধ্যে রংপুর মহানগরীর সিও বাজার উত্তম এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে ট্রাকচাপায় দু’জন নিহত হন।

নিহতের দু’জনেরই নাম রেজাউল ইসলাম। তাদের মধ্যে একজন জগদীশপুর হাফিজিয়া মাদরাসার শিক্ষক ও আরেকজন ওই মসজিদের ইমাম। একজনের বাড়ি নীলফামারীর সৈয়দপুর ও অপরজনের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়।

ওসি আরো জানান, দ্রুতগতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হন। ঘটনাস্থলের আশপাশ ছিল নির্জন এলাকা। কোনো দোকানপাট ছিল না। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আজ রোববার দুপুরে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।