
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুলাই আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো: আনোয়ার হোসেনের ছবি সংবলিত নির্বাচনী পোস্টারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও স্থানীয় এমপির ছবি ব্যবহারের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনীতিতে তীব্র সমালোচনা ও তর্ক-বিতর্ক শুরু হয়েছে।
উপজেলা যুবলীগের সহসম্পাদক ও ২ নম্বর বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নতুন এ পোস্টারে তারেক রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবদুল মান্নানের ছবি যুক্ত করে নিজেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দাবি করা হয়।
তবে বিষয়টিকে ষড়যন্ত্র দাবি করে নিজের ফেসবুক আইডিতে দেয়া ব্যাখ্যায় চেয়ারম্যান বলেন, ‘মাননীয় সংসদ সদস্যের সাথে আমার ছবি যুক্ত করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে একটি ভুয়া পোস্টার বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমি বা আমার কোনো সমর্থক এটি তৈরি বা প্রচার করিনি।’
এ দিকে স্থানীয় বিএনপির এক জ্যেষ্ঠ নেতা ক্ষোভ প্রকাশ করে জানান, গত বছরের ১৮ নভেম্বর সদর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও এ ইউপি চেয়ারম্যান প্রকাশ্যে চলাফেরা ও সরকারি কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম বলেন, ‘পোস্টারটি এআই দিয়ে তৈরি। তিনি আওয়ামী লীগের লোক, বিএনপির সাথে তার কোনো সম্পর্ক নেই। আর এমপি সাহেব মানবিক কারণে তার অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন, এর বাইরে অন্য কিছু নেই।’
বিতর্কিত পোস্টার ও চেয়ারম্যানের বাসভবনে এমপির উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ায় পুরো নবীনগরের রাজনীতিতে এখন নতুন সমীকরণ ও নানা গুঞ্জন চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








