জনগণের সেবায় কাজ করতে হবে : খাদ্যমন্ত্রী
মানিগঞ্জের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম : নয়া দিগন্ত।


খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সেবা করাই জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্বে জড়ালে জনগণ, দল ও এলাকার ক্ষতি হবে। তাই সবাইকে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মনোভাব নিয়ে কাজ করতে হবে।
গতকাল বুধবার মানিকগঞ্জ জেলার সিংগাইর, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে দেশের বিভিন্ন জেলা পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিচ্ছেন। 
একই সাথে তিনি জনপ্রতিনিধিদের নিজ নিজ জেলায় সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেয়া, তাদের কোনো সমস্যা রয়েছে কি না তা চিহ্নিত করা এবং সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী সব সময় বলেন, এ দেশ আমাদের সবার। সবাই মিলেই এ দেশের উন্নয়নে কাজ করতে হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সামনে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। 
এ নির্বাচনে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। একই সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা ও উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতরাসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement