
সম্প্রতি কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণ, বিভিন্ন স্থানে বাসে আগুন এবং একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের খবর জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। এসব ঘটনায় আওয়ামী লীগ জড়িত- আমরা এমন সিদ্ধান্ত দিচ্ছি না। দায় নির্ধারিত হতে হবে নিরপেক্ষ তদন্ত ও আদালতে প্রমাণের ভিত্তিতে। তবে ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র থাকুক বা না থাকুক, আইনশৃঙ্খলা ও মানুষের নিরাপত্তাবোধের ওপর এগুলোর সম্মিলিত আঘাতকে বিচ্ছিন্ন ঘটনা বলে উপেক্ষা করা যায় না। বিশ্বাসযোগ্য তদন্ত ও বিচার নিশ্চিত না হলে সহিংসতার পুনরাবৃত্তি ঘটবে। একইসাথে স্বার্থান্বেষী গোষ্ঠী এ অস্থিরতার সুযোগ নেবে। বিএনপি সরকারের সামনে তাই সবচেয়ে জরুরি পরীক্ষা হলো- রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা।
রাষ্ট্রের শক্তি শুধু কতজনকে গ্রেফতার করতে পারে, তা দিয়ে মাপা যায় না। সেই শক্তির প্রকৃত পরীক্ষা হয়, রাষ্ট্র কাকে গ্রেফতার করছে, কী প্রমাণের ভিত্তিতে করছে এবং অভিযুক্ত ব্যক্তি আদালতে নিজের পক্ষে কথা বলার কতটা সুযোগ পাচ্ছেন- এসব প্রশ্নে। বিশেষ করে একটি কর্তৃত্ববাদী শাসনের পতনের পর নতুন সরকারের সামনে দায়িত্ব দ্বিগুণ। তাকে অতীতের অপরাধের বিচার করতে হয়, আবার দেখাতে হয় যে সেই বিচারের নামে অতীতের নিপীড়নের পদ্ধতি ফিরিয়ে আনা হচ্ছে না।
বিএনপি সরকারের সামনে এখন এই পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগকে কিভাবে মোকাবেলা করা হবে, বিরোধী দল কী বলবে কিংবা আন্তর্জাতিক সংবাদমাধ্যম কোন ভাষায় ঘটনাগুলো উপস্থাপন করবে- এসব রাজনৈতিক বিবেচনা আছে। কিন্তু এগুলোর কোনোটি মূল প্রশ্নের বিকল্প নয়- সরকার কি এমন একটি বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে পারছে, যার ওপর ভুক্তভোগী, অভিযুক্ত এবং সাধারণ নাগরিক- সবাই যুক্তিসঙ্গত আস্থা রাখতে পারেন?
হত্যা, নির্যাতন, গুম কিংবা সংঘবদ্ধ সহিংসতার বিচার করা মানবাধিকার লঙ্ঘন নয়; বরং অপরাধের কার্যকর তদন্ত ও বিচার ভুক্তভোগীর অধিকার প্রতিষ্ঠার অংশ। কিন্তু অপরাধের ভয়াবহতা যত বড়ই হোক, তা নিরপরাধ মানুষকে আসামি করা, হেফাজতে নির্যাতন কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ সঙ্কুচিত করার অনুমতি দেয় না। ন্যায়বিচারের দাবি তখন সবচেয়ে শক্তিশালী হয়, যখন রাষ্ট্র অভিযুক্তের প্রতিও আইন মেনে চলে।
বিশ্বাসযোগ্য বিচার হলে তাকে নিছক রাজনৈতিক প্রতিহিংসা বলে চালানো কঠিন হয়। তবে সুষ্ঠু বিচার হলে সব সমালোচনা থেমে যাবে কিংবা বিদেশী রাষ্ট্রের সব আপত্তি দূর হবে- এমন নিশ্চয়তা নেই। আন্তর্জাতিক সম্পর্কে স্বার্থও কাজ করে। তা সত্ত্বেও সরকারের নিজের হাতে থাকা সবচেয়ে কার্যকর শক্তি হচ্ছে এমন একটি নথিভিত্তিক প্রক্রিয়া, যার প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যাখ্যা করা যায়।
সমস্যা হলো- এ বিশ্বাসযোগ্যতার ভিত দেশের ভেতরে দুর্বল হয়ে যেতে পারে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা মামলা-বাণিজ্যের অভিযোগ এবং পরবর্তী সময়ে জামিন-বাণিজ্যের অভিযোগ সেই কারণে গুরুতর। অভিযোগগুলো তদন্তে প্রতিষ্ঠিত হলে সেগুলো শুধু কিছু ব্যক্তির অসততা হিসেবে দেখার সুযোগ থাকবে না; তা হবে বিচারপ্রক্রিয়াকে ব্যক্তিগত উপার্জন ও রাজনৈতিক নিয়ন্ত্রণের যন্ত্রে পরিণত করার প্রমাণ।
এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের উদাহরণও আছে। ২০২৫ সালের ৫ জানুয়ারি জাগো নিউজে মানিকগঞ্জের হরিরামপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে টাকা নিয়ে মামলা থেকে নাম বাদ দেয়ার আশ্বাস ও জামিনের তদবিরের অভিযোগ প্রকাশিত হয়। অভিযুক্ত নেতা অভিযোগ অস্বীকার করেন। একই বছরের ২৬ নভেম্বর চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতার জামিন নিয়ে বিএনপির এক নেতা রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ তোলেন; সংশ্লিষ্ট পিপিও তা অস্বীকার করেন। এসব প্রতিবেদন অভিযোগের অস্তিত্ব দেখায়, অপরাধ প্রমাণ করে না। কিন্তু অস্বীকারের পাশাপাশি নিরপেক্ষ অনুসন্ধানও প্রয়োজন।
এখানে একটি পার্থক্য স্পষ্ট রাখা জরুরি। আওয়ামী লীগের কোনো নেতা জামিন পেলেই জামিন-বাণিজ্য হয়েছে- এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। জামিন দেয়া আদালতের বিচারিক কাজ। জামিন খালাস নয়, আবার বিচারপূর্ব আটকও আগাম শাস্তি হওয়া উচিত নয়। বিএনপিপন্থী কোনো আইনজীবী আওয়ামী লীগপন্থী আসামির পক্ষে দাঁড়ালেই সেটিও দুর্নীতি নয়। অভিযুক্তের আইনজীবী পাওয়ার অধিকার আছে। দুর্নীতির প্রশ্ন উঠবে বেআইনি লেনদেন, প্রভাব বিস্তার, প্রমাণ আড়াল কিংবা দায়িত্বের অসৎ ব্যবহারের ভিত্তিতে।
সরকারকে তাই দু’টি কাজ একসাথে করতে হবে- প্রকৃত বাণিজ্য ও হস্তক্ষেপের তদন্ত করা এবং রাজনৈতিক ক্ষোভে আদালতের স্বাধীন সিদ্ধান্তকে অপরাধ হিসেবে উপস্থাপন করা থেকে বিরত থাকা। দলীয় কর্মীরা সন্তুষ্ট হলেন কি না, তা দিয়ে জামিনের যথার্থতা নির্ধারিত হতে পারে না।
একটি মামলায় নিরপরাধ মানুষের নাম ঢোকানো শুধু তার ক্ষতি করে না; প্রকৃত অপরাধীরও সুবিধা করে দেয়। একজন নির্দোষ ব্যক্তিকে অর্থ আদায়ে আসামি করা হলে পুরো মামলাটি প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি হয়। তখন সত্যিকারের ভুক্তভোগীর অভিযোগও সাজানো অভিযোগের ভিড়ে বিশ্বাসযোগ্যতা হারায়। যারা বিচারকে বাণিজ্যে পরিণত করেন, তারা শেষ পর্যন্ত বিচারের দাবিদার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেন।
এ সঙ্কটের পেছনে আমাদের ফৌজদারি বিচারব্যবস্থার কাঠামোগত দুর্বলতাও আছে। তদন্ত, আলামত সংরক্ষণ, সাক্ষীর নিরাপত্তা, প্রসিকিউশনের দক্ষতা এবং বিচারিক স্বাধীনতা দুর্বল থাকলে সরকারের সদিচ্ছা যথেষ্ট নয়। একটি রাজনৈতিক বক্তৃতা জনসভায় সমর্থন পেতে পারে; আদালতে প্রয়োজন নির্দিষ্ট ঘটনা, নির্ভরযোগ্য সাক্ষ্য এবং অভিযুক্তের সাথে অপরাধের প্রমাণযোগ্য সংযোগ।
কে ঘটনাস্থলে ছিলেন, কে নির্দেশ দিয়েছেন, কে অর্থ জুগিয়েছেন, কে অপরাধ সংঘটনে সহায়তা করেছেন- এসব প্রশ্নের জবাব পৃথকভাবে বের করতে হবে। দলীয় পদ নিজে অপরাধের প্রমাণ নয়। আবার ঘটনাস্থলে অনুপস্থিত থাকা নির্দেশদাতা বা অর্থদাতার দায়মুক্তির নিশ্চয়তা নয়। যে ধরনের দায়ের অভিযোগ আনা হবে, তার আইনি উপাদান প্রমাণ করতে হবে। এই একই যুক্তি সীমান্ত পেরিয়ে প্রত্যর্পণের ক্ষেত্রেও প্রযোজ্য। বিদেশে অবস্থানকারী কাউকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে চাইলে রাজনৈতিক দাবি যথেষ্ট নয়। প্রয়োজন প্রযোজ্য চুক্তি, সঠিক নথি এবং আইনসম্মত প্রক্রিয়া।
বাংলাদেশ ও ভারতের প্রত্যর্পণ চুক্তি ২০১৩ সালের ২৮ জানুয়ারি স্বাক্ষরিত হয়। একই বছরের ২৩ অক্টোবর কার্যকর হয়। ২০১৬ সালে অনুচ্ছেদ ১০(৩) সংশোধিত হয়। চুক্তির অনুচ্ছেদ ২ অনুযায়ী, সংশ্লিষ্ট আচরণ উভয় দেশের আইনে অন্তত এক বছরের কারাদণ্ডযোগ্য হতে হবে। অপরাধের ধরন দুই দেশে হুবহু এক হওয়া আবশ্যক নয়।
অনুচ্ছেদ ৬ রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রাখলেও হত্যা, অপরাধজনক নরহত্যা, অপহরণ এবং জীবন বিপন্নকারী নির্দিষ্ট সহিংস কর্মকাণ্ডকে সেই ব্যতিক্রমের বাইরে রেখেছে; অর্থাৎ কোনো অভিযুক্ত রাজনীতিবিদ হলেই তার বিরুদ্ধে প্রতিটি অভিযোগ রাজনৈতিক অপরাধ হয়ে যায় না। অন্য দিকে অনুচ্ছেদ ৮-এ ন্যায়বিচারের স্বার্থে সৎ বিশ্বাসে অভিযোগ আনা হয়নি- এমন পরিস্থিতিসহ প্রত্যর্পণ প্রত্যাখ্যানের ভিত্তিও আছে। চুক্তি থাকা তাই স্বয়ংক্রিয় হস্তান্তরের নিশ্চয়তা নয়।
২০১৬ সালের সংশোধন অভিযুক্ত ব্যক্তির প্রত্যর্পণ-অনুরোধের নথিগত শর্ত সহজ করেছে। অনুচ্ছেদ ১০(৩)-এ উপযুক্ত কর্তৃপক্ষের গ্রেফতারি পরোয়ানা এবং সেটি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে- এই পরিচয়সংযোগ গুরুত্বপূর্ণ। কিন্তু সহজ প্রক্রিয়ার অর্থ বিচার থেকে প্রমাণের প্রয়োজন তুলে দেয়া নয়। প্রত্যর্পণ-অনুরোধের শর্ত এবং বিচারে অপরাধ প্রমাণের দায়িত্ব পৃথক বিষয়।
পাসপোর্টের প্রশ্নটিও এখানে পরিষ্কার করা দরকার। বৈধ সাধারণ পাসপোর্ট থাকা এ চুক্তির অধীনে প্রত্যর্পণের পূর্বশর্ত নয়। অনুচ্ছেদ ১০-এ পরিচয়, জাতীয়তা, ঘটনার বিবরণ, প্রযোজ্য আইন ও প্রয়োজনীয় বিচারিক নথির কথা আছে; বৈধ পাসপোর্টকে বাধ্যতামূলক শর্ত করা হয়নি। এটি চুক্তির পাঠ থেকে সরাসরি পাওয়া সিদ্ধান্ত। কাজেই পাসপোর্ট নেই বা বাতিল হয়েছে বলে কাউকে প্রত্যর্পণ করা যাবে না- এমন দাবি ঠিক নয়। তবে হস্তান্তরের সময় পরিচয় যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা থাকবেই। প্রত্যর্পণকে সাধারণ যাত্রীর আন্তর্জাতিক ভ্রমণের সাথে এক করে দেখা ভুল।
শেখ হাসিনাকে ফেরানোর আলোচনায় আসল প্রশ্ন এটি নয় যে, তার হাতে নতুন পাসপোর্ট আছে কি না, না নেই এটি নয়। প্রশ্ন হলো- প্রত্যর্পণের অনুরোধ প্রযোজ্য শর্ত পূরণ করছে কি না। উত্থাপিত আপত্তির গ্রহণযোগ্য উত্তর দেয়া যাচ্ছে কি না। পাসপোর্ট নিয়ে বিতর্ক কোনো দুর্বল মামলাকে শক্তিশালী করবে না; আবার বৈধ পাসপোর্টের অনুপস্থিতি যথাযথ প্রত্যর্পণপ্রক্রিয়াকে নিজে থেকে অকার্যকরও করে না।
আন্তর্জাতিক অভিজ্ঞতা এই বাস্তবতা বুঝতে সাহায্য করে। পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে বিচারের মুখোমুখি করতে ২০০৭ সালের সেপ্টেম্বরে চিলির সুপ্রিম কোর্ট প্রত্যর্পণের অনুমতি দেয়। অভিযোগের মধ্যে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতি ছিল। হিউম্যান রাইটস ওয়াচ এ সিদ্ধান্তকে স্বাগত জানায়। ঘটনাটি দেখায়, সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার চাওয়া এবং মানবাধিকার রক্ষা পরস্পরবিরোধী নয়; যথাযথ পরিস্থিতিতে মানবাধিকার সংগঠনও প্রত্যর্পণের পক্ষে দাঁড়ায়।
পর্তুগাল থেকে ভারতে আবু সালেমের প্রত্যর্পণ আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ভারত তাকে মৃত্যুদণ্ড না দেয়া এবং কারাবাস ২৫ বছরের বেশি না হওয়ার রাষ্ট্রীয় আশ্বাস দিয়েছিল। ২০২২ সালের ১১ জুলাই ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট করে যে, সরকারকে সেই আন্তর্জাতিক অঙ্গীকার মানতে হবে। সেই সাথে প্রয়োজনীয় সাংবিধানিক বা আইনগত ক্ষমতা প্রয়োগ করতে হবে। বিচারিক সাজা এবং সরকারের আশ্বাস বাস্তবায়নের দায়িত্বের পার্থক্যও আদালত ব্যাখ্যা করেন। এর অর্থ গুরুতর অপরাধের অভিযুক্তকে ছাড় দেয়া নয়। অর্থ হলো- কাউকে ফেরত আনার জন্য দেয়া প্রতিশ্রুতি পরে অস্বীকার করা যায় না। বাংলাদেশের জন্য শিক্ষাটি প্রাসঙ্গিক- কোনো প্রত্যর্পণপ্রক্রিয়ায় রাষ্ট্র আশ্বাস দিলে তা বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য হতে হবে।
আবার ১৯৮৯ সালের সোয়েরিং ভার্সেস ইউনাইটেড কিংডম মামলায় ইউরোপীয় মানবাধিকার আদালত যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে চাওয়া এক ব্যক্তির প্রত্যর্পণ নিয়ে বিচার করেন। আদালতের সিদ্ধান্ত ছিল, মামলাটির নির্দিষ্ট পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের অপেক্ষায় দীর্ঘ কারাবাস ও সংশ্লিøষ্ট মানসিক যন্ত্রণার বাস্তব ঝুঁকি থাকায় প্রত্যর্পণ ইউরোপীয় মানবাধিকার সনদের অনুচ্ছেদ ৩ লঙ্ঘন করবে। আদালত তাকে নির্দোষ ঘোষণা করেননি; বিবেচনা করেছেন হস্তান্তরের পর তার সাথে কী আচরণ হওয়ার ঝুঁকি আছে।
এ মামলার ইউরোপীয় আইনি মানদণ্ড সরাসরি বাংলাদেশ-ভারত চুক্তির বিধান নয়। তবে তুলনামূলক শিক্ষাটি গুরুত্বপূর্ণ- অভিযোগের গুরুত্ব মানবাধিকারের প্রশ্ন মুছে দেয় না। ফুজিমোরি, আবু সালেম ও সোয়েরিংয়ের ঘটনাগুলো একসাথে দেখলে বোঝা যায়, প্রত্যর্পণের সাফল্য শুধু অভিযুক্ত কতটা বিতর্কিত তার ওপর নির্ভর করে না; অভিযোগ, প্রক্রিয়া ও রাষ্ট্রীয় প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতাও গুরুত্বপূর্ণ।
আওয়ামী লীগের জন্যও এই আলোচনায় একটি কঠিন রাজনৈতিক শিক্ষা আছে। দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব সহিংস কর্মকাণ্ডের অভিযোগ উঠছে, প্রতিটির নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। যেখানে অগ্নিসংযোগ, বোমা হামলা, সাধারণ মানুষের ওপর আক্রমণ কিংবা সংগঠিত নাশকতায় সংশ্লিষ্টতা প্রমাণিত হবে, সেখানে রাজনৈতিক পরিচয় কোনো অজুহাত হতে পারে না। একই সাথে ব্যক্তির অপরাধ থেকে কেন্দ্রীয় দলীয় নির্দেশনার সিদ্ধান্তে পৌঁছাতে হলে সেই সংযোগও প্রমাণ করতে হবে।
সহিংসতাকে রাজনৈতিক প্রত্যাবর্তনের কৌশল করা হলে তা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে। ভয় দেখিয়ে একটি শহর কিছু সময়ের জন্য থামানো সম্ভব; মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। একটি পোড়া বাস সরকারকে অস্বস্তিতে ফেলতে পারে; কিন্তু সেই বাসে জীবিকা হারানো চালক কিংবা আতঙ্কিত যাত্রীর কাছে হামলাকারীর রাজনৈতিক দাবি গ্রহণযোগ্য করে তোলে না।
এ ধরনের সহিংসতার প্রতিটি প্রমাণিত ঘটনা দলটির নিজের নিপীড়িত হওয়ার দাবিকেও দুর্বল করবে। সাধারণ সমর্থকের রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা সরে গিয়ে জননিরাপত্তার প্রশ্ন সামনে আসবে। নেতৃত্ব সহিংসতাকে প্রশ্রয় দিলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন সেই সাধারণ কর্মীরা, যারা নিজেরা কোনো অপরাধ করেননি; কিন্তু দলীয় পরিচয়ের কারণে সন্দেহ ও সামাজিক বিরোধিতার মুখোমুখি হবেন।
আওয়ামী লীগের নিজের ইতিহাসে ভিন্ন পথের উদাহরণ আছে। ১৯৭৫ সালের হত্যাকাণ্ড, নেতৃত্বের বিপর্যয় ও রাজনৈতিক দমন-পীড়নের পরও দলটির পুনর্গঠনের একটি প্রধান পথ ছিল রাজনৈতিক সংগঠন ও নির্বাচনে অংশগ্রহণ। ১৯৭৬ সালে দল পুনরুজ্জীবিত হয়। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে আবদুল মালেক উকিলের নেতৃত্বাধীন আওয়ামী লীগ ৩৯টি আসন পায়। সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করে। ১৯৮১ সালে শেখ হাসিনার প্রত্যাবর্তন সেই সাংগঠনিক ধারায় নতুন নেতৃত্ব যোগ করে। অবশ্য আজকের আইনি বিধিনিষেধ ও রাজনৈতিক পরিস্থিতি সত্তরের দশকের অনুরূপ নয়। রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ নিয়ে কথা বলার অর্থ কোনো নিষেধাজ্ঞা অমান্য করা কিংবা বিচার এড়িয়ে যাওয়ার অনুমতি দেয়া নয়। এর অর্থ হলো- আইনি প্রতিকার চাওয়া, সহিংসতা প্রত্যাখ্যান করা, অতীতের ভূমিকার জবাব দেয়া এবং জনগণের আস্থা অর্জনের চেষ্টা করা। নিরাপত্তাহীনতা সৃষ্টি করে গণতান্ত্রিক বৈধতা অর্জন করা যায় না।
সরকারের দায়িত্বও এখানে স্পষ্ট। কোনো দলের সহিংস অংশকে দমন করার দায়িত্ব থেকে গোটা সমর্থকগোষ্ঠীকে শাস্তি দেয়ার অধিকার জন্মায় না। তদন্তকে দলীয় তালিকা থেকে মুক্ত রাখতে হবে। সাক্ষী ও আলামতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রসিকিউশনে দক্ষতার গুরুত্ব বাড়াতে হবে। আদালতকে এমন স্বাধীনতা দিতে হবে, যাতে প্রমাণ থাকলে শাস্তি এবং প্রমাণ না থাকলে খালাস- দু’টিই সম্ভব হয়। নিজের দলের কারো বিরুদ্ধে মামলা-বাণিজ্যের প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রযোজ্য ফৌজদারি ব্যবস্থাও নিতে হবে।
বিএনপির সবচেয়ে বড় স্বার্থ হওয়া উচিত বিচারপ্রক্রিয়াকে এতটা বিশ্বাসযোগ্য করা, যাতে নিজের দলের প্রভাবশালী ব্যক্তিও প্রয়োজন হলে সেই প্রক্রিয়ার মুখোমুখি হন। যে সরকার নিজের লোকের অন্যায় তদন্ত করতে পারে না, তার পক্ষে প্রতিপক্ষের বিচারের নিরপেক্ষতা প্রতিষ্ঠা করা কঠিন। যে দল সাধারণ মানুষের নিরাপত্তাকে রাজনৈতিক দরকষাকষির উপকরণ বানায়, তার পক্ষে মানুষের আস্থা ফিরে পাওয়া আরো দুরুহ।
বাংলাদেশের প্রয়োজন এমন বিচার, যেখানে ভুক্তভোগীর কান্না দলীয় স্লোগানে হারিয়ে যাবে না। অভিযুক্তের অধিকার রাজনৈতিক ক্ষোভে মুছে যাবে না। মামলার নথি কারো উপার্জনের খাতা হবে না। আওয়ামী লীগের জন্য প্রত্যাবর্তনের পথ মানুষের আস্থা; বিএনপি সরকারের জন্য স্থায়ী গ্রহণযোগ্যতার পথ বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের প্রথম পরীক্ষা একটিই- আইন কি ক্ষমতাবানকে প্রশ্ন করতে পারে, আর নিরপরাধকে রক্ষা করতে পারে?
লেখক : রাজনৈতিক বিশ্লেষক
mwtanvir@gmail.com
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








