জনগণের সঞ্চয়, প্রভাবশালীদের ঋণ : ব্যাংকিং খাতের কঠিন বাস্তবতা
মো: বদরুল মিল্লাত ইবনে হান্নান।


ব্যাংক একটি দেশের অর্থনৈতিক আস্থার অন্যতম ভিত্তি। মানুষের সঞ্চয় ব্যাংকে জমা হয়, সেই অর্থ থেকে বড় ফান্ড গড়ে ওঠে তা থেকে শিল্প-কারখানা গড়ে ওঠে, ব্যবসা সম্প্রসারিত হয়, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অর্থনীতিতে বিনিয়োগের প্রবাহ থাকে। কিন্তু ব্যাংকের এই মৌলিক দায়িত্ব যখন দুর্বল সুশাসন, রাজনৈতিক প্রভাব, অনিয়ম ও ঋণ ব্যবস্থাপনার ব্যর্থতায় বাধাগ্রস্ত হয়, তখন তার মূল্য দিতে হয় পুরো অর্থনীতিকে। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন সাধারণ আমানতকারীরা, যাদের সঞ্চয়ের ওপর দাঁড়িয়ে আছে ব্যাংকিং ব্যবস্থার ভিত্তি।
বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এমন এক সঙ্কটের মুখোমুখি, যা কেবল খেলাপি ঋণের পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এটি মূলত ঋণশৃঙ্খলার অবক্ষয়, প্রাতিষ্ঠানিক জবাবদিহির ঘাটতি এবং নিয়ন্ত্রক তদারকির কার্যকারিতা নিয়ে প্রশ্নের সঙ্কট।

Advertisement

খেলাপি ঋণের ঊর্ধ্বগতি যে বাস্তবতা দেখাচ্ছে
বাংলাদেশ ব্যাংকের ফিনেন্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট ২০২৫ (আর্থিক স্থিতিশীলতা) অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় পাঁচ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা, যা মোট ঋণের ৩০.৬০ শতাংশ। ২০২৪ সালের ডিসেম্বর শেষে এই হার ছিল ২০.২০ শতাংশ। অর্থাৎ মাত্র এক বছরে ব্যাংকিং খাতের সম্পদের মানে উল্লেখযোগ্য অবনতি হয়েছে।
বিশ্বব্যাংকের ২৪ জুন ২০২৬-এর মূল্যায়নে বলা হয়েছে, মার্চ ২০২৬ শেষে বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অনুপাত বেড়ে ৩২.৬ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে দক্ষিণ এশিয়ার ব্যাংকগুলোর গড় ছিল ৭.৯ শতাংশ। জুন ২০২৬ শেষে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, খেলাপি ঋণের পরিমাণ আরো বেড়ে ছয় লাখ ছয় হাজার ৫৫৫ কোটি টাকায় পৌঁছায়, যা মোট ঋণের ৩২.৭৮ শতাংশ।
এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ। খেলাপি ঋণের অনুপাত বেড়ে যাওয়া সবসময় নতুন করে ঋণখেলাপি হওয়ার ফল নয়; অতীতে আড়ালে থাকা অনিয়ম, সুদের ৯-৬ হার, ঋণ শ্রেণীকরণে পরিবর্তন এবং প্রকৃত ঝুঁকি শনাক্ত হওয়ার কারণেও এই পরিসংখ্যান বাড়তে পারে। তাই ঋণের প্রকৃত অবস্থা প্রকাশ করা সঙ্কট সৃষ্টির কারণ নয়; সঙ্কট সমাধানের প্রথম শর্ত। সমস্যা আড়াল করে সাময়িক স্বস্তি তৈরি করা যায়; কিন্তু তাতে ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী হয় না।

বিকল্প অর্থায়নের ঘাটতি, অর্থনীতির বাড়তি ভার ব্যাংকের কাঁধে 
বাংলাদেশের অর্থায়ন কাঠামোর অন্যতম দুর্বলতা হলো ব্যাংকঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। উন্নত অর্থনীতিতে বড় প্রতিষ্ঠানগুলো ব্যাংকঋণের পাশাপাশি শেয়ারবাজার, করপোরেট বন্ড, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অন্যান্য দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস ব্যবহার করে। ফলে অর্থায়নের ঝুঁকি বিভিন্ন পক্ষের মধ্যে বণ্টন হয়।
বাংলাদেশে পুঁজিবাজারের সীমিত গভীরতা এবং করপোরেট বন্ড বাজারের অপর্যাপ্ত বিকাশের কারণে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মূলত ব্যাংকের ওপর নির্ভরশীল। এর ফলে ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি আমানতের বিপরীতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ঝুঁকিও বহন করতে হয়। বড় ঋণগ্রহীতার ব্যর্থতা তাই শুধু একটি ব্যাংকের সমস্যা নয়; এটি আমানত, ঋণপ্রবাহ, বিনিয়োগ এবং কর্মসংস্থানের ওপরও প্রভাব ফেলে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে শক্তিশালী পুঁজিবাজার, কার্যকর করপোরেট বন্ড বাজার এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বিকল্প তৈরি করতে হবে। অর্থনীতির সব আর্থিক ঝুঁকি ব্যাংকের ব্যালান্সশিটে কেন্দ্রীভূত রাখা কোনো টেকসই অর্থায়ন কাঠামো হতে পারে না।

আইনের কাঠামোর নিরপেক্ষ ও বিচক্ষণ প্রয়োগ 
বাংলাদেশে ব্যাংক পরিচালনার জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রক নির্দেশনার অভাব নেই। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিধিবিধানের পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাসেল মূলনীতি ব্যাংকিং তদারকির সুস্পষ্ট কাঠামো দিয়েছে। কিন্তু কার্যকর প্রয়োগ ছাড়া এসব বিধান কেবল কাগুজে সুরক্ষায় পরিণত হয়।
ঋণ অনুমোদনের ক্ষেত্রে ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা, নগদ প্রবাহ, ব্যবসায়িক সম্ভাবনা, জামানতের যথার্থতা এবং ঋণ পরিশোধের উৎস যাচাই করা অপরিহার্য। একই সাথে প্রকৃত সুবিধাভোগী মালিকানা, সংশ্লিষ্ট পক্ষের সাথে সম্পর্ক এবং ঋণের অর্থ নির্ধারিত খাতে ব্যবহার হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে হবে।
ঋণ পুনঃতফসিল ব্যবসা পুনরুদ্ধারের বৈধ উপায় হতে পারে। কোনো প্রতিষ্ঠান সাময়িক অর্থনৈতিক সঙ্কটে পড়লে বাস্তবসম্মত পুনর্গঠনের মাধ্যমে তাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়া প্রয়োজন। কিন্তু বারবার পুনঃতফসিলের মাধ্যমে অকার্যকর ঋণকে কার্যকর দেখানো হলে তা ব্যাংকের প্রকৃত আর্থিক দুর্বলতা আড়াল করে। এতে ঋণশৃঙ্খলা নষ্ট হয় এবং সৎ ঋণগ্রহীতারাও বৈষম্যের শিকার হন। অতএব, পুনঃতফসিলের সিদ্ধান্ত হতে হবে যাচাইযোগ্য ব্যবসায়িক সক্ষমতা ও ভবিষ্যৎ নগদ প্রবাহের ভিত্তিতে, প্রভাব বা বিশেষ বিবেচনায় নয়।

গ্রিস ও শ্রীলঙ্কার অভিজ্ঞতা কী বলে?
গ্রিসের ব্যাংকিং সঙ্কট মোকাবেলায় ‘হেলেনিক অ্যাসেট প্রোটেকশন স্কিম’, যা ‘হারকিউলিস’ কর্মসূচি নামে পরিচিত, একটি উল্লেখযোগ্য উদাহরণ। ২০১৯ সালে চালু হওয়া এ কর্মসূচির আওতায় রাষ্ট্রীয় নিশ্চয়তাসমর্থিত ঋণ সিকিউরিটাইজেশনের মাধ্যমে ব্যাংকের বিপুল খেলাপি ঋণ বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের মূল্যায়ন অনুযায়ী, ২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকে গ্রিসের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ৮১ বিলিয়ন ইউরো, যা ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে কমে প্রায় ছয় বিলিয়ন ইউরোতে দাঁড়ায়। এ ক্ষেত্রে হারকিউলিস কর্মসূচির পাশাপাশি সরাসরি খেলাপি ঋণ বিক্রিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে এ সাফল্যের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাও রয়েছে। ব্যাংকের হিসাব থেকে খেলাপি ঋণ কমলেও সেসব ঋণের সবটুকু আদায় বা নিষ্পত্তি হয়নি; উল্লেখযোগ্য অংশ ব্যাংকের বাইরে বিনিয়োগকারী ও বিশেষায়িত ঋণ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাছে স্থানান্তর হয়েছে। অর্থাৎ ব্যাংকের ব্যালান্সশিটের চাপ কমেছে; কিন্তু বৃহত্তর অর্থনীতিতে এসব ঋণের ঝুঁকি পুরোপুরি দূর হয়নি। বাংলাদেশের জন্য তাই এ অভিজ্ঞতার শিক্ষা হলো- খেলাপি ঋণ স্থানান্তর করাই সমাধান নয়; স্বচ্ছ মূল্যায়ন, কার্যকর আদায়, দায় নির্ধারণ এবং আমানতকারীর স্বার্থ সুরক্ষা নিশ্চিত করাই জরুরি।
বাংলাদেশও স্বচ্ছ ও পেশাদার ব্যবস্থাপনায় একটি ‘ডিসট্রেসড অ্যাসেট মার্কেট’ বা সমস্যাগ্রস্ত সম্পদ কেনাবেচার বাজার গড়ে তোলার বিষয়টি বিবেচনা করতে পারে। তবে এ ক্ষেত্রে ঋণের যথাযথ মূল্যায়ন, বিনিয়োগকারীর সক্ষমতা, ক্ষতির দায় নির্ধারণ এবং আইনি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। খেলাপি ঋণ ব্যাংকের হিসাব থেকে সরিয়ে ফেললেই অর্থনৈতিক ক্ষতি দূর হয় না। প্রকৃত ক্ষতি আড়াল করা কিংবা বেসরকারি অনিয়মের দায় শেষ পর্যন্ত করদাতার ওপর চাপিয়ে দেয়া কোনো গ্রহণযোগ্য সমাধান নয়।
অন্যদিকে শ্রীলঙ্কার অভিজ্ঞতা দেখায়, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে গভীরভাবে সম্পর্কিত। দেশটির অর্থনৈতিক সঙ্কটের পর আইএমএফের সহায়তায় বাস্তবায়িত সংস্কার কর্মসূচিতে রাজস্ব ব্যবস্থাপনা, ঋণ পুনর্গঠন, ব্যাংকের মূলধন পুনরুদ্ধার এবং আর্থিক খাতের সুশাসনকে গুরুত্ব দেয়া হয়। ২০২৪ সালের আইএমএফ মূল্যায়নেও ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তদারকি এবং আর্থিক স্থিতিশীলতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের জন্য শিক্ষা হলো- ব্যাংক সংস্কারকে রাজস্ব শৃঙ্খলা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি থেকে বিচ্ছিন্ন করে দেখা যাবে না।

এখন প্রয়োজন কার্যকর ও সময়বদ্ধ সংস্কার
বাংলাদেশের ব্যাংকিং খাত পুনর্গঠনে প্রথম পদক্ষেপ হওয়া উচিত স্বাধীন ও বিশ্বাসযোগ্য ‘অ্যাস্টে কোয়ালিটি রিভিউ’ (সম্পদের গুণগত মান পর্যালোচনা)। এর মাধ্যমে প্রতিটি ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ, ঝুঁকিপূর্ণ সম্পদ, জামানতের মূল্য, প্রভিশন ঘাটতি এবং মূলধনের প্রকৃত অবস্থা নিরূপণ করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী মূলধন পুনর্গঠন, ব্যাংক পুনর্বাসন, একীভূতকরণ কিংবা অকার্যকর প্রতিষ্ঠানের সুশৃঙ্খল নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।
কোনো ব্যাংককে পুনঃমূলধনীকরণ করতে হলে তার পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার জবাবদিহি নিশ্চিত করতে হবে। ঋণ অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের দায় নির্ধারণ এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারের কার্যকর ব্যবস্থা নিতে হবে। সরকার পরিবর্তনের সাথে যেন আইনি ব্যবস্থা তথা আগের সরকারের গৃহীত সফল কাঠামোর পরিবর্তন না হয়। 
বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা বাড়ানোও জরুরি। বড় ঋণ, একক গ্রাহক ও সংশ্লিষ্ট পক্ষের ঋণ, ঋণের কেন্দ্রীভবন এবং অস্বাভাবিক লেনদেনের ওপর নিবিড় নজরদারি থাকতে হবে। একই সাথে ঋণ আদায় ও দেউলিয়াত্ব-সংক্রান্ত আইনি প্রক্রিয়া দ্রুত করতে হবে, যাতে প্রকৃত ব্যবসায়ীরা পুনর্গঠনের সুযোগ পান এবং ইচ্ছাকৃত ঋণখেলাপিরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে দায় এড়াতে না পারেন।
এ ছাড়া আমানতকারীর সুরক্ষায় কার্যকর Deposit Protection System Ges Bank Resolution Framework গড়ে তোলা প্রয়োজন। কোনো ব্যাংক আর্থিকভাবে অকার্যকর হলে কিভাবে আমানতকারীর স্বার্থ রক্ষা, ব্যাংকের সম্পদ ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় পুনর্গঠন করতে হবে, তার সুস্পষ্ট কাঠামো থাকতে। 

আমানতকারীর আস্থাই ব্যাংকিংয়ের মূল ভিত্তি
বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কারের সাফল্য শুধু খেলাপি ঋণের অনুপাত কমানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না।  প্রকৃত সাফল্য হবে যখন ব্যাংকের ঋণ সিদ্ধান্তে প্রভাবের পরিবর্তে যোগ্যতা প্রাধান্য পাবে, অনিয়মের দায় নির্ধারিত হবে, আমানতকারীর অর্থ সুরক্ষিত থাকবে এবং উৎপাদনশীল খাতে ঋণের প্রবাহ বাড়বে।
ব্যাংক কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত অর্থায়নের প্রতিষ্ঠান নয়। এটি জনগণের সঞ্চয়কে জাতীয় উন্নয়নের পুঁজিতে রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। তাই ব্যাংকিং খাতের সংস্কার কোনো ঐচ্ছিক নীতিগত উদ্যোগ নয়; এটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনস্বার্থ রক্ষার অপরিহার্য শর্ত। 


লেখক : সিপিএ অস্ট্রেলিয়ার অ্যাসোসিয়েট মেম্বার 
এবং কানাডার আইএফসি ইনকরপোরেটেডের 
সার্টিফাইড ফিন্যান্সিয়াল কনসালট্যান্ট  
badrul01913@gmail.com