
দুই ওভারে ভারতের প্রয়োজন ২৫ রান, উইকেট বাকি ১টি। ম্যাচ তাই ঝুঁকে ছিল পাকিস্তানের দিকে। ৪৯তম ওভারে দুই চারের সাথে একটি ছক্কা মেরে ১৭ রান নিয়ে নিলেন মোহিত উলভা। জমে উঠল লড়াই।
শেষ ওভারে ৮ রানের সমীকরণে প্রথম পাঁচ বলে ৫ রানের বেশি দিলেন না আহমেদ হুসাইন। শেষ বলে বাকি রইল ৩ রান। ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে বাউন্ডারি মেরে দিলেন মোহিত। দুর্দান্ত জয় পেয়ে গেল ভারত।
ওমানের আজমাইনে যুব এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হাই স্কোরিং ম্যাচে একদম শেষ বলে গিয়ে ১ উইকেটে জিতেছে তারা। আগে ব্যাট করে ৩৩৭ রান করেছিল পাকিস্তান। তবে সেটিও যথেষ্ট হয়নি।
যুব ওয়ানডের ইতিহাসে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের রেকর্ডটিও ছিল ভারতের। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৩২১ রান তাড়া করে জিতেছিল ভারত।
যুব এশিয়া কাপের গত দুই আসরে ফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। এবার পাকিস্তানের বিপক্ষে প্রতিশোধ নিয়ে শিরোপা পুনরুদ্ধার করল তারা।
সব মিলিয়ে ৯ বার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত। এ ছাড়া পাকিস্তান দুবার, বাংলাদেশ ও আফগানিস্তান শিরোপা জিতেছে একবার করে।
শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে ভারতের বোলারদের ওপর তাণ্ডব চালায় পাকিস্তান। ওপেনিংয়ে নেমে ১১ চার ও ৩ ছক্কায় ১১১ বলে ১০৭ রানের ইনিংস খেলেন উসমান খান।
তিন নম্বরে নেমে ঝড় তোলেন আব্দুল কাদির। ৩ চারের সাথে ৮টি ছক্কা মেরে মাত্র ৫৪ বলে তিনি করেন ৮০ রান। কাদির ও উসমানের জুটিতে আসে ১১৩ বলে ১৩৫ রান।
এ ছাড়া অধিনায়ক ফারহান ইউসাফ করেন ৪ চার ও ৩ ছক্কায় ৬০ বলে ৬৩ রান। শেষ দিকের ব্যাটাররা হতাশ করায় আরো বড় হয়নি পাকিস্তানের সংগ্রহ।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাব্য পরেশ প্যাটেল। চিগুরুপতি ভেঙ্কটের শিকার ৩ উইকেট।
রান তাড়ায় আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে দারুণ শুরু করেন বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ। তবে ইনিংস বেশি বড় করতে পারেননি তিনি। ৯ চারে খেলেন ৬১ বলে ৫৮ রানের ইনিংস।
আরেক ওপেনার লক্ষ্য রায়চন্দনি ১০১ বলে করেন ৮০ রান। পরের ব্যাটাররা হতাশ করলে চাপে পড়ে যায় ভারত। সাত নম্বরে নেমে তিনটি করে চার ও ছক্কা মেরে ৩২ বলে ৪৭ রানের ইনিংস খেলেন মানাল চৌহান।
একপর্যায়ে ৫১ বলে ৮৬ রান বাকি থাকা অবস্থায় ৮ উইকেট হারিয়ে ফেলে ভারত। সেখান থেকে প্রথমে ঝড় তোলেন মানাল। জয় থেকে ৩২ রান আগে ফিরে যান মানাল।
এরপর হাল ধরেন দশ নম্বরে নামা মোহিত উলভা। শেষ বলে দলকে জিতিয়ে ৫ চার ও ৩ ছক্কায় মাত্র ২৬ বলে তিনি খেলেন ৪৯ রানের ইনিংস। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








