বাউফলে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদঘাটন, গ্রেফতার ২
নিহত রুহুল আমিন সিকদার (বামে) এবং গ্রেফতার আবুল বাশার হোসেন ও সাহিদা বেগম। নয়া দিগন্ত

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের আট দিন পর বৃদ্ধ জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদারের (৬৫) খন্ডিত লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে এ ঘটনায় জড়িত সন্দেহে আবুল বাশার হোসেন (৪০) ও সাহিদা বেগম (৪৮) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) বাউফল থানা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী মজুমদার এসব তথ্য জানান।

গ্রেফতার সাহিদা বেগম উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের মরহুম শাহজাহানের স্ত্রী এবং আবুল বাশার হোসেন একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

এ ঘটনায় জড়িত অন্য আসামি মোশারফ শিকদারের ছেলে মো: সোহেলকে (৩৬) গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে এএসপি সব্যসাচী মজুমদার জানান, হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা নিহতের লাশ টুকরা টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দিয়েছিল। পরে, পুলিশ দফায় দফায় ধানক্ষেত, অনাবাদি জমি ও ডোবা থেকে লাশের বিভিন্ন অংশ উদ্ধার করে।

এএসপি সব্যসাচী মজুমদার জানান, গত ১২ নভেম্বর উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া দগ্রামের একটি ধানখেত থেকে মানুষের শরীরের খণ্ডিত অংশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। পরে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে লাশের অন্যান্য অংশও উদ্ধার করে পুলিশ। সর্বশেষ শনিবার দুপুরে পোনাহুড়া এলাকার একটি ডোবা থেকে মাথা ও বুক থেকে কোমর পর্যন্ত অংশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন স্থান থেকে দুই হাত ও দুই পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছিল।

নিহতের ছেলে ইমরান হোসেন উদ্ধার করা হাত-পায়ের অংশ দেখে সেগুলো তার নিখোঁজ বাবার বলে শনাক্ত করেন। পরে তিনি বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সংগৃহীত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়। তারা হলেন ইতোমধ্যে গ্রেফতার সাহিদা বেগম ও আবুল বাশার হোসেন এবং পলাতক মো: সোহেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনের বিরোধের জেরে অভিযুক্তরা রুহুল আমিন সিকদারকে হত্যা করে এবং গুমের উদ্দেশ্যে লাশ টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দেয়।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, রুহুল আমিন সিকদার স্ত্রী মোসা: সাহিনা বেগমকে নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গত ৪ নভেম্বর একটি মামলায় হাজিরা দিতে তিনি ঢাকা থেকে পটুয়াখালী আদালতে আসেন। হাজিরা শেষে ওই দিন বিকেলে তিনি বাউফলের সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামে বড় বোন মোসা: ফজলাতুন্নেছার বাড়িতে যান। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি নিজের গ্রামের বাড়ি বাজেমহলে যান এবং সন্ধ্যায় আবার বোনের বাড়িতে ফিরে আসেন। এরপর গত ৬ নভেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় নুরাইনপুর বাজারে যাওয়ার পর থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলাম জানান, উদ্ধারকৃত লাশের সব খণ্ডিত অংশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে ভিত্তিতে ঘটনার সাথে জড়িত পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।