নিকলীতে মার্কেটে কিশোর গ্যাংয়ের হামলা

 নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

Advertisement

কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর মালিকানাধীন ‘আমির উদ্দিন আহাম্মদ এমপি মার্কেট’-এ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। একদল চিহ্নিত কিশোর গ্যাংয়ের এই তাণ্ডবে মার্কেটের কয়েকটি দোকানের শাটার ও এক আইনজীবীর চেম্বার ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে তিন তরুণকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে নিকলী থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত আটটার দিকে বানিয়াহাটি গ্রামের আল-আমিন ও ধোপাহাটি গ্রামের সালমানের মধ্যকার পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। আকস্মিক এই হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা মার্কেটের কয়েকটি দোকান ও অ্যাডভোকেট মাসুদের চেম্বারে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রাতেই সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন কেয়ারটেকার নয়ন তালুকদার। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মীরহাটি গ্রামের রাফি (২১), টিক্কলহাটি গ্রামের অনিক (২০) ও দোয়ারহাটি গ্রামের সাজন (২০)-কে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিকলী থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, ঘটনার নেপথ্যে কোনো প্রভাবশালী ব্যক্তির ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।