
মিশিগানের মার্কিন সিনেট নির্বাচনে আবদুল আল-সাইয়িদের জয় ইসরাইলিদের মনে অস্বস্তিকর কিছু প্রশ্নের জন্ম দেয়া উচিত।
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তার বিরোধিতা করা এবং বিতর্কিত রাজনৈতিক ধারাভাষ্যকার হাসান পাইকারের সাথে নির্বাচনী প্রচার চালানো একজন প্রগতিশীল ডেমোক্র্যাট এই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়ী হয়েছেন।
অনেক ইসরাইলির কাছে এর চেয়েও উদ্বেগের প্রশ্নটি হলো : আমেরিকান ইহুদিরা কীভাবে এমন রাজনীতিবিদদের সমর্থন করতে পারেন, যাদের অবস্থান ইসরাইলের স্বার্থের সাথে এত স্পষ্টভাবে সাংঘর্ষিক? আর এই সমর্থনকে সঠিক প্রমাণ করতে তারা প্রায়ই নিজেদের ইহুদি পরিচয়কেই বা কীভাবে সামনে নিয়ে আসেন?
এই প্রবণতা কেবল মিশিগানের মধ্যেই সীমাবদ্ধ নয়। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মতো প্রগতিশীল রাজনীতিবিদদের প্রতি সমর্থন আমেরিকান ইহুদি সমাজের একটি বড় অংশের মধ্যে চলমান বৃহত্তর মতাদর্শগত রূপান্তরকেই ফুটিয়ে তোলে।
চাক শুমার এবং ব্র্যাড ল্যান্ডারের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রভাবশালী সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রেও প্রগতিশীল পরিচয় ক্রমশ তাদের রাজনৈতিক পছন্দগুলোকে চালিত করছে, যা প্রায়ই ইসরাইলের প্রতি ঐতিহ্যগত সংহতিকেও ছাপিয়ে যাচ্ছে।
যেসব ইসরাইলি ইহুদি রাষ্ট্রকে ইহুদি পরিচয়ের কেন্দ্রবিন্দু মনে করেন, তাদের কাছে এটিকে বিশ্বাসঘাতকতার মতো মনে হতে পারে। অথচ অনেক প্রগতিশীল আমেরিকান ইহুদির কাছে এখানে কোনো বিরোধ নেই। এটি কেন ঘটছে তা বুঝতে হলে এটা অনুধাবন করতে হবে যে, ইসরাইলি ও আমেরিকান ইহুদিরা ক্রমবর্ধমানভাবে পুরোপুরি ভিন্ন কাঠামোর মধ্য দিয়ে নিজেদের ইহুদি পরিচয়কে উপলব্ধি করছেন।
ইসরাইলিদের কাছে ইহুদি পরিচয় সার্বভৌমত্ব, জাতীয় আত্মনিয়ন্ত্রণাধিকার এবং শারীরিক নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইরান, হামাস ও হিজবুল্লাহর হুমকি তাদের প্রাত্যহিক জীবনের বাস্তবচিত্র। শত শত বছর ধরে ইহুদি ইতিহাসের মূল বৈশিষ্ট্য হয়ে থাকা ভয়াবহ অরক্ষিত অবস্থার বিরুদ্ধে একটি শক্তিশালী ইহুদি রাষ্ট্রই হলো চূড়ান্ত সুরক্ষার নিশ্চয়তা।
তবে প্রগতিশীল আমেরিকান ইহুদিদের কাছে ইহুদি পরিচয় প্রায়ই পুরোপুরি ভিন্ন একটি রাজনৈতিক অঙ্গীকারে রূপ নেয়। স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু পরিবর্তন, সংখ্যালঘু অধিকার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির বিরোধিতাই হলো তাদের নৈতিকতার মূল কেন্দ্রবিন্দু।
এই আদর্শগত লেন্স দিয়েই ইসরাইলকে মূল্যায়ন করা হয় এবং তাদের প্রতি সমর্থন পুরোপুরি নির্ভর করে প্রগতিশীল প্রত্যাশাগুলোর সাথে ইসরাইলের অনুগত থাকার ওপর।
এই পার্থক্যের ছোঁয়া রয়েছে ইহুদি নিরাপত্তার সংজ্ঞার মধ্যেও। ইসরাইলিরা সাধারণত সামরিক শক্তি ও জাতীয় স্বাধীনতার মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বোঝে।
পক্ষান্তরে, প্রগতিশীল আমেরিকান ইহুদিরা অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সাথে রাজনৈতিক জোট গঠনের মাধ্যমে সুরক্ষা খুঁজে পেতে বেশি আগ্রহী। তারা বিশ্বাস করে, বৈষম্যের বিরুদ্ধে এই সংহতিই ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা।
জটিলতা তখনই তৈরি হয় যখন সেই জোটগুলোর মধ্যে এমন সব আন্দোলন ও কর্মী অন্তর্ভুক্ত থাকে, যারা প্রকাশ্যেই ইসরায়েলবিরোধী কিংবা এমন কি জায়নবাদেরও বিরোধী।
মূল গভীর আদর্শগত বিভাজনটি ঠিক এখানেই। ইসরাইলিরা একবাক্যে জায়নবাদকে ইহুদি জাতির জাতীয় আত্মনিয়ন্ত্রণাধিকারের একটি বৈধ আন্দোলন হিসেবে দেখে।
অন্যদিকে, আমেরিকান প্রগতিশীল বামপন্থীদের একটি অংশ এই সংঘাতকে শোষক বনাম শোষিতের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে। এতে ইসরাইল হয়ে ওঠে ক্ষমতাধর শোষক, আর ফিলিস্তিনিদের জায়গা দেওয়া হয় পদ্ধতিগত অবিচারের এক বৃহত্তর বর্ণনার মধ্যে।
এই বিশ্বদৃষ্টির গণ্ডির ভেতরেই বর্ণবাদ এবং ইহুদি শ্রেষ্ঠত্ববাদের অভিযোগগুলো মূলধারার প্রগতিশীল আলোচনায় প্রবেশ করেছে। এর ফলে ইসরাইলের বিরোধিতা—এবং ক্ষেত্রবিশেষে খোদ জায়নবাদের বিরোধিতাকে—ইহুদি নৈতিক দায়িত্বের একটি বহিঃপ্রকাশ হিসেবে তুলে ধরা সম্ভব হচ্ছে।
এই বিভাজনের জন্য একাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করা ভুল হবে। প্রগতিশীল কর্মীরা প্রায়ই নেতানিয়াহুকে ট্রাম্পের সাথে এক করে দেখেন, যা তাকে একজন স্পষ্ট রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায়।
তা সত্ত্বেও, গাদি আইজেনকোট, নাফতালি বেনেট এবং আভিগডোর লাইবারম্যানের মতো ইসরাইলি নেতারা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এমন কিছু অবস্থান বজায় রাখেন, যা ইসরাইলের টিকে থাকার মৌলিক প্রশ্নে নেতানিয়াহুর অবস্থানের চেয়ে খুব একটা আলাদা নয়।
ফলে নেতানিয়াহুর অপসারণ স্বয়ংক্রিয়ভাবে অন্তর্বর্তী এই মতপার্থক্যের সমাধান করবে না।
আমেরিকান দলীয় রাজনীতি এই রূপান্তরকে আরো জোরদার করে তোলে। যেসব ইহুদি ভোটার ডেমোক্র্যাট পার্টিকে নিজেদের রাজনৈতিক ঠিকানা বলে মনে করেন, ইসরাইলের বিষয়ে কোনো ডেমোক্র্যাট প্রার্থীর অবস্থান নিয়ে তাদের তীব্র আপত্তি থাকলেও ট্রাম্পের বিরোধিতা তাদের কাছে প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়াতে পারে।
আমেরিকান ইহুদিদের মধ্যে সাংস্কৃতিক পরিবর্তন
আমেরিকান ইহুদি সমাজ যে পুরোপুরি একাট্টা বা অভিন্ন, তা নয়। অনেক আমেরিকান ইহুদি এখনো ইসরাইলের প্রতি গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা সক্রিয়ভাবে জায়নবাদবিরোধিতাকে চ্যালেঞ্জ করে যান। তা সত্ত্বেও কিছু ইহুদি প্রগতিশীলের ইসরাইল সম্পর্কে তীব্র সমালোচনামূলক প্রার্থীদের সমর্থন জোগানোর মানসিকতা এমন একটি সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়, যা ইসরাইল এখন আর উপেক্ষা করতে পারে না।
এর সুদূরপ্রসারী প্রভাব কেবল কোনো নির্দিষ্ট নির্বাচন বা সরকারের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। আমেরিকান ইহুদি সমাজের ক্রমবর্ধমান একটি অংশের কাছে ইসরাইল ধীরে ধীরে ইহুদি পরিচয়ের কোনো অপরিহার্য উপাদান না হয়ে বরং একটি নৈতিক দায়বদ্ধতা হিসেবে পরিগণিত হচ্ছে।
ইসরাইলিদের অবশ্যই এটা উপলব্ধি করতে হবে, এই বিভাজন নিছক কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং এটি ক্রমবর্ধমানভাবে আদর্শগত। বিশ্বের এই বৃহত্তম দুটি ইহুদি সম্প্রদায় হয়তো একই ইতিহাস ও জাতিসত্তার অংশ, তবুও ইহুদি সংহতির অর্থ আসলে কী—সে বিষয়ে তাদের মধ্যকার মতপার্থক্য দিন দিন বেড়েই চলেছে। তাদের ভোটগুলো কেবল সেই গভীর রূপান্তরেরই রাজনৈতিক বহিঃপ্রকাশ মাত্র।
সূত্র : জেরুসালেম পোস্ট
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








