এরদোয়ানের ছেলে, লেবানন সফর , বৈঠক, প্রশ্ন
বিলাল এরদোয়ান। মিডলইস্ট আই

তুরস্কের প্রেসিডেন্ট রজ্যব তৈয়্যব এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান গত দুই দিনে লেবাননের শীর্ষ রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সাথে একের পর এক বৈঠক করেছেন। তুরস্কের সরকারে তাঁর কোনো আনুষ্ঠানিক পদ নেই। তারপরও তাঁর এই সফর নিয়ে মধ্যপ্রাচ্যে কৌতূহল তৈরি হয়েছে। কারণ, লেবাননে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে তুরস্ক। এমন এক সময়ে বিলালের এই সফর তাঁর ক্রমবর্ধমান আন্তর্জাতিক পরিচিতিকেও সামনে নিয়ে এসেছে।

Advertisement

মিডিলইস্ট আই জানায়, বিলাল এরদোয়ান লেবাননের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। তুরস্কের ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসার, মানবিক সহায়তা ও দাতব্য কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত। লেবাননের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, ‘এই সফরের উদ্দেশ্য সামাজিক ও অর্থনৈতিক। বিলাল এরদোয়ান তুরস্কের ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সাথে নিয়ে এসেছেন। লেবাননের প্রতি সমর্থন জানাতেই তার এই সফর।’ সফরটি লেবানন সরকারের সাথে সমন্বয় করেই আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

তবে সফরের সময় ও বৈঠকের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা বাড়ছে, তখন বৈরুতে দেশটির শীর্ষ নেতাদের সাথে বিলালের বৈঠক বিশেষ নজর কেড়েছে। মধ্যপ্রাচ্যের কেউ কেউ তাঁকে এরদোয়ানের সম্ভাব্য উত্তরসূরি বলেও মনে করেন। তবে বিলালের ঘনিষ্ঠ সূত্রগুলো মিডিলইস্ট আইকে জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে তিনি যেসব সফর করেছেন, লেবানন সফরও তারই অংশ। এর সঙ্গে কোনো রাজনৈতিক তাৎপর্য নেই। চলতি মাসের শুরুতে টোকিও সফর করেন বিলাল। এ বছরের শুরুর দিকে গিয়েছিলেন সিরিয়ায়। এ ছাড়া নিজ উদ্যোগে ইউরোপ, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও সফর করেন তিনি।

এবারের সফরে সাংস্কৃতিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব দিতে নিজের প্রতিনিধিদলে রেখেছেন ইউনুস এমরে ইনস্টিটিউটের সভাপতি সেলিম আরগুনকে। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে তুর্কি ভাষা, শিল্পকলা ও সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে দেয়ার কাজ করে।

লেবাননের উপপ্রধানমন্ত্রী তারেক মিত্রির আমন্ত্রণে দেশটিতে যান বিলাল। তারেক মিত্রি আঙ্কারা ও দামেস্কের সাথে লেবাননের সম্পর্ক দেখাশোনা করেন। সফরে তিনি প্রেসিডেন্ট জোসেফ আউনসহ লেবাননের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

লেবাননে নিজেদের ভূমিকা বাড়াতে চাইছে তুরস্ক। এ জন্য বৈরুতের সাথে রাজনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি সিরিয়ার সাথে লেবাননের সম্পর্ক মেরামতেও সহায়তা করতে চাইছে আঙ্কারা। দেশটিকে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাবও দিচ্ছে তুরস্ক।

গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার গৃহযুদ্ধের সময় পরস্পরের বিরোধী শিবিরে থাকা হিজবুল্লাহ ও সিরিয়ার নতুন সরকারের মধ্যে উত্তেজনা কমাতে আঙ্কারা বৈঠকের আয়োজন করেছিল। তবে তুরস্ক ও সিরিয়া—দুই সরকারই ওই খবর অস্বীকার করেছে।

বৈঠকে কি নিয়ে আলোচনা হলো?

লেবাননের ওই সরকারি কর্মকর্তা জানান, পরিবহন, বাণিজ্য ও রপ্তানিসহ বিভিন্ন খাতে তুরস্কের কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর সাথে লেবাননের সরকারি সংস্থাগুলোর যৌথ প্রকল্প নিয়ে আলোচনা করেছেন বিলাল। প্রতিটি বৈঠকেই তিনি ইসরাইলের কথা তুলেছেন। লেবানন ও সিরিয়ার জন্য ইসরাইল কী ধরনের হুমকি তৈরি করছে, তা তুলে ধরেছেন। একই সাথে দেশ দুটির মধ্যে যোগাযোগ বাড়াতে তুরস্কের ভূমিকার ওপর জোর দিয়েছেন।

সফর আয়োজনের সাথে যুক্ত আরেকটি সূত্র বলেছে, এর পেছনে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য। সিরিয়া ও হিজবুল্লাহর মধ্যকার বিরোধসহ আঞ্চলিক উত্তেজনা কমাতে বিলাল আড়ালে কোনো ভূমিকা রাখছেন—এমন ধারণাও নাকচ করেছে সূত্রটি। তার ভাষায়, ‘লেবাননকে জানা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করা, তাঁদের কথা শোনা, বন্ধুত্ব গড়ে তোলা এবং অঞ্চলটি সম্পর্কে বোঝার চেষ্টা—এটাই এই সফরের উদ্দেশ্য। এখন পর্যন্ত সবাই তাঁকে ভালোভাবেই গ্রহণ করেছেন।’

সফরের দ্বিতীয় দিনে শুক্রবার উত্তর লেবাননের ত্রিপোলি শহরে যান বিলাল। শহরটি সুন্নি মুসলিম অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। সেখানে তুরস্ক ও লেবাননের পতাকা হাতে জনতা তাঁকে স্বাগত জানায়। সফর শেষে ফেরার সময় শহরের ইমান স্কাউটিং অ্যাসোসিয়েশনের সদস্যরা দুই দেশের পতাকা হাতে তাঁকে বিদায় জানান।

লেবাননের অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে ‘লেবানন-তুরস্ক কৌশলগত নেতৃত্ব সংলাপে’ বক্তব্য দেন বিলাল। তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেয়া এবং সেই সম্পর্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিকগুলো তুলে ধরাই তাঁর সফরের উদ্দেশ্য।

বিলালের মতে, অনুকূল পরিবেশ তৈরি হলে লেবানন ও সিরিয়াও গত ২০ বছরে তুরস্কের মতো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারে। গ্রিস, আর্মেনিয়া, লেবানন ও সিরিয়াসহ প্রতিবেশী দেশগুলোতে স্থিতিশীলতা থাকা তুরস্কের স্বার্থেই জরুরি। এতে পুরো অঞ্চলের সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় সহায়তা হবে।

বৃহস্পতিবার তিনি লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি, ফিউচার মুভমেন্টের ভাইস প্রেসিডেন্ট বাহিয়া হারিরি এবং প্রগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টির সাবেক প্রধান ও দ্রুজ নেতা ওয়ালিদ জুমব্লাতের সাথে আলাদা বৈঠক করেন।

ত্রিপোলিতে তাঁকে অভ্যর্থনা জানান শহরটির মুফতি শেখ মুহাম্মদ ইমাম এবং আলাউই ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ আলী কাদ্দুর। আনাদোলু এজেন্সি জানায়, একটি মসজিদের সভাকক্ষে মুসলিম ও খ্রিষ্টান ধর্মীয় নেতাদের সাথেও বৈঠক করেন বিলাল। সেখানে ছিলেন ত্রিপোলির ম্যারোনাইট আর্চবিশপ ইউসেফ সুওয়াইফ এবং গ্রিক অর্থোডক্স আর্চবিশপ এফরেম কিরিয়াকোস।

ধর্মীয় নেতাদের সাথে আলাপকালে বিলাল বলেন, তুরস্ক ও লেবাননের পাশাপাশি লেবানন ও সিরিয়া এবং তুরস্ক ও সিরিয়ার মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কও আরো দৃঢ় করা দরকার। তাঁর মতে, মুসলিম দেশগুলোসহ এ অঞ্চলের অন্য দেশগুলোরও উচিত দূরের দেশের দিকে নজর দেয়ার আগে নিজেদের প্রতিবেশীদের কল্যাণকে অগ্রাধিকার দেয়া। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা পুরো অঞ্চলের জন্যই জরুরি।