শ্রমিক অবরোধ
স্বাভাবিক হচ্ছে মহাসড়কে যান চলাচল। নয়া দিগন্ত

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবারের শ্রমিক আন্দোলনে আহত এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তবে ওই আন্দোলনে কোনো শ্রমিক নিহত হননি বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।

Advertisement

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ট্রপিক্যাল ও এপেক্স লিঞ্জারি কারখানাসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে বহু কষ্টে হেঁটে গন্তব্যে রওনা দেন। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। ওই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। পরে ওই আন্দোলনে আহত এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা কাজ বন্ধ করে মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।

খবর পেয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চালান। পরে বেলা পৌনে ১২টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো: আমজাদ হোসাইন বলেন, ‘একজন শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় শ্রমিকরা সড়কে নেমেছেন। তবে কোনো আন্দোলনের ঘটনায় কোনো শ্রমিক নিহত হননি। মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব। শ্রমিকদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।’

তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করা এবং সরকারকে বেকায়দায় ফেলার কোনো অপচেষ্টা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম বেলা পৌনে ১২টার দিকে মুঠোফোনে বলেন, ‘শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।’