জাসেম মোহাম্মদ আল-বুদাইউই
জাসেম মোহাম্মদ আল-বুদাইউই। সংগৃহীত ছবি

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় দেশগুলোতে সাত হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (১৩ নভেম্বর) উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ অভিযোগ করেন।  

Advertisement

বৈঠকে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় সার সরবরাহের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। উন্নয়নশীল দেশগুলো এই সারের ওপর নির্ভরশীল হওয়ায়, এর ফলে দুর্ভিক্ষের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

আল-বুদাইউই জানান, গত আট মাসে ইরানের হামলায় জিসিসিভুক্ত ছয়টি দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, তেল ও গ্যাস স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, লবণাক্ত পানি পরিশোধনাগার এবং আবাসিক এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

হামলায় প্রাণহানির পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষতি এবং আরব উপসাগরের পরিবেশেরও ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো ঐক্যবদ্ধভাবে তাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দাবি জানাচ্ছে। এই হামলাগুলো ‘জিসিসিভুক্ত দেশগুলোর সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার চরম লঙ্ঘন’। 

এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করার জন্য পরিষদের কাছে আহ্বান জানান তিনি।

উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ও সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বাহরাইনের অনুরোধে বৈঠকটি অনুষ্ঠিত হয়। চলতি মাসে নিরাপত্তা পরিষদের আবর্তনশীল সভাপতির দায়িত্বে থাকা লাটভিয়া এই বৈঠকের আয়োজন করে।

আলবুদাইউই সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার প্রভাব এখন আর শুধু অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি গুরুতর মানবিক সঙ্কটের ঝুঁকি তৈরি করছে। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং কমে আসছে। এর মধ্যে রয়েছে সার ও অ্যামোনিয়া, যার ওপর বিশ্ব খাদ্য নিরাপত্তা নির্ভরশীল।

সূত্র : আরব নিউজ