
নিজস্ব প্রতিবেদক
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন নেতাদের বক্তব্যের প্রতিবাদ করেছে ইসলামী সংগঠনগুলো।
বাংলাদেশ খেলাফত মজলিস : হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি, মন্ত্রী ও সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্যে ইসলামের মৌলিক আকিদার সাথে সাংঘর্ষিক অবস্থান প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, অন্য ধর্মাবলম্বীদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব; কিন্তু সম্প্রীতির নামে ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে আপস করার সুযোগ নেই। বিশেষ করে রাষ্ট্রপতির বক্তব্যে মুসলমানদের ঈমানি মূল্যবোধে আঘাত করেছে। রাষ্ট্রপতিকে অবিলম্বে বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং তা প্রত্যাহার করতে হবে।
‘ধর্ম যার যার উৎসব সবার’ ঈমান বিরোধী : মাওলানা এ কে এম আশরাফুল হক : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেছেন, হিন্দুরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করবে। সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু কোনো মুসলমান অন্যধর্মের পূজা-পার্বণ ও উৎসবকে নিজেদের বলে দাবি করতে পারবে না। তাতে অংশগ্রহণ করতে পারবে না। তা ইসলামে সরাসরি নিষেধ। গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন। ‘ধর্ম যার উৎসবও তার’ মন্তব্য করে মাওলানা আশরাফুল হক সম্প্রতি হিন্দুদের দুর্গাপূজা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করেন।
তাহাফফুজে খতমে নবুওয়ত : রাষ্ট্রপতির নামে প্রচারিত ‘গোটা পৃথিবীতে যখন অন্যায় নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল’ এবং বিএনপি নেতা আব্দুল মঈন খানের ‘মা দুর্গা স্বর্গ থেকে নেমে আসেন দুঃশাসন দূর করার জন্য’- এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উভয় বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। গতকাল এক বিবৃতিতে তিনি রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানকে তাদের সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। একইসাথে দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে ভবিষ্যতে দায়িত্বশীল বক্তব্য দেয়ার অনুরোধ জানান।
ইসলামী আইন সংরক্ষণ পরিষদ : সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেয়া ‘পৃথিবীতে অন্যায় ও নিপীড়ন দেখা দিলেথদেবী দুর্গার আবির্ভাব হয়েছিল’ মূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আইন সংরক্ষণ পরিষদের নির্বাহী সভাপতি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া। গতকাল জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম মাদরাসায় খুলনার বিশিষ্ট ওলামায়ে কেরামের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, দেশের সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। তবে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিদের বক্তব্যে বিশেষ সতর্কতা, সংযম ও দায়িত্বশীলতা থাকা প্রয়োজন। একজন মুসলিমের জন্য এমন বক্তব্য ঈমান বিধ্বংসী ও ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








