ফ্লাইদুবাইয়ের একটি বিমান
ফ্লাইদুবাইয়ের একটি বিমান। সংগৃহীত ছবি

তেল আবিবে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালু করতে রোববার (১৫ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে ইসরাইলি প্রতিনিধিদল। শুক্রবার ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল-১২ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Advertisement

সংবাদমাধ্যমটি জানায়, প্রতিনিধিদলটি আমিরাতের কর্মকর্তাদের রাজি করানোর চেষ্টা করবে, যাতে তেল আবিবে এই এয়ারলাইনসের ফ্লাইটগুলো পুনরায় শুরু করার অনুমতি দেয়া হয়।

তেল আবিবে ফ্লাইদুবাইয়ের ফ্লাইটের স্থগিতাদেশ ১৫ ডিসেম্বর পর্যন্ত বহাল রয়েছে।

অক্টোবরের শেষ দিকে চ্যানেল-১২ জানিয়েছিল, ফ্লাইদুবাই তেল আবিবে আসা-যাওয়ার ফ্লাইট স্থগিতাদেশ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। তবে এয়ারলাইনসটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইটে ১৭৪ জন ইসরাইলি যাত্রী থাকা অবস্থায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই সময় এক ব্যক্তি বিমানটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করলে যাত্রী ও ক্রু সদস্যরা মিলে তা ব্যর্থ করে দেন।

ঘটনার পর বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। কর্তৃপক্ষ এই ঘটনার পরিস্থিতি এবং জড়িত ব্যক্তির উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু করে।

৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি জানান, তদন্তে বেরিয়ে এসেছে যে—ওমানের নাগরিক ও বিমানটির সহকারী পাইলট ‘বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে আত্মঘাতী অভিযান’ চালানোর উদ্দেশ্যে বিমানটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেছিলেন।

এই ঘটনা ইসরাইলে তীব্র সমালোচনা ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একইসাথে কী ধরনের ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্তের দাবিও উঠেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর