
খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী এলাকার ভারত অংশে পড়ে থাকা অবস্থায় অংথৈইপ্রু মারমা (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সৈনিকের লাশ পাওয়া গেছে। পুলিশ বলছে, লাশের মাথায় আঘাতের চিহ্ন আছে, তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার ফেনীরকুল এলাকায় লাশটি উদ্ধারের বিষয়টি জানাজানি হয়।
অংথৈইপ্রু রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের পরলোকগত মং মং মারমার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ঘাস কাটার জন্য তিনি রামগড়-সাবরুম সীমান্তবর্তী ফেনীরকুল এলাকায় ফেনী নদীর তীরে যান। রাতে বাড়ি না ফেরায় আজ সকালে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
স্বজন ও স্থানীয় লোকজনের ভাষ্য, একপর্যায়ে তারা সীমান্তের কিনারে, ভারত অংশের সাবরুমের ঢোলবাড়ি সীমান্তে লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা লাশ বাংলাদেশ অংশে নিয়ে আসেন।
ঘটনার খবর পেয়ে রামগড় থানা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ‘লাশের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে আঘাতের কারণ ও মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদরে পাঠানো হবে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামসুল হক বলেন, ‘তদন্তের পরেই ঘটনার সত্যতা জানাতে পারবেন।’
ময়নাতদন্ত নিয়ে আপত্তি
আজ সকাল ১০টা ৪০ মিনিটে ময়নাতদন্তের জন্য লাশ রামগড় থানায় আনা হয়। এ সময় এলাকার লোকজন ও স্থানীয় রাজনৈতিক নেতারা থানায় গিয়ে ময়নাতদন্ত না করার অনুরোধ জানায়।
নিহত ব্যক্তির ছেলে থৈঅংগ্য মারমা বলেন, ‘তার বাবার ময়নাতদন্তের প্রয়োজন নেই। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’
তিনি আরো বলেন, ‘এটিকে স্বাভাবিক মৃত্যুই মনে করছি। বাবার শরীর কাটাছেঁড়া হোক, এটা তারা চান না।’
পারিবারিক ও সামাজিক রীতি অনুযায়ী সৎকার সম্পন্ন করতে লাশ পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো ময়নাতদন্ত নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রশাসন এবং নিহতের স্বজনরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








