হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। সংগৃহীত ছবি

হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে দু’টি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার (১৪ নভেম্বর) এ তথ্য জানায় তারা।

Advertisement

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে বর্তমানে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে রেখেছে তেহরান।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোকে ইরানের অনুমতি নেয়ার দাবি জানিয়ে আসছে তেহরান। এই নির্দেশ অমান্য করা জাহাজগুলোর ওপর হামলাও চালিয়েছে দেশটি।

শনিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী বলেছে, ‘কিছুক্ষণ আগে দু’টি তেলবাহী জাহাজ তাদের রাডার ও অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে অনুমতি ছাড়া নির্ধারিত পথের বাইরে দিয়ে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল।’

এ সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজ দু’টিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় বলে জানায় তারা।

বিবৃতিতে একটিকে সুপারট্যাঙ্কার বা বিপুল পরিমাণ তেল পরিবহনে সক্ষম বিশাল জাহাজ বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে, শুক্রবার বিপ্লবী গার্ড বাহিনী একটি জাহাজ থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ওঠার ভিডিও প্রকাশ করে। তাদের দাবি, জাহাজটি তরলীকৃত গ্যাস বহন করছিল এবং প্রণালীর দক্ষিণ অংশে একটি মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীর প্রধান নৌপথগুলো থেকে তারা মাইন অপসারণ করেছে।

সূত্র : বাসস