
গোলপোস্ট ছেড়ে এগিয়ে আসা গোলরক্ষকের সাথে ভয়াবহ সংঘর্ষে মাঠেই লুটিয়ে পড়েন প্রতিপক্ষের এক ফুটবলার। হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্প্যানিশ ফুটবলকে নাড়িয়ে দেয়া সে ঘটনার ১১ দিন পর শাস্তি পেলেন অভিযুক্ত গোলরক্ষক জেসুস ওওনো। শুক্রবার (১৩ নভেম্বর) তাকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবলের শৃঙ্খলা কমিটি। একই সাথে আর্থিক জরিমানাও করা হয় তাকে।
ঘটনাটি ঘটে গত ২ নভেম্বর সিডি টেনেরিফ বনাম এফসি আন্দোরার ম্যাচে। স্কোরবোর্ডে তখন ২-২ সমতা।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রক্ষণভাগের পেছনে পাঠানো বলের দিকে ছুটছিলেন টেনেরিফের ফরোয়ার্দ হেসুস দে মিগেল। গোল বাঁচাতে মাঝমাঠ পর্যন্ত এগিয়ে এসে বলকে রুখে দিতে লাফিয়ে ওঠেন ওওনো। এ সময় বুকে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন মিগেল। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওওনো। আহত মিগেলকে হাসপাতালে নেয়া হলে ৩ নভেম্বর মৃত্যু হয় ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারের।
শৃঙ্খলা কমিটি জানিয়েছে, রেফারির প্রতিবেদনে উল্লেখ করা ঘটনার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।
প্রতিবেদনে বলা হয়, ওওনো খেলার মধ্যে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে পা দিয়ে প্রতিপক্ষের বুকে আঘাত করায় তাকে লাল কার্ড দেখানো হয়।
ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১০২ নম্বর ধারায় ওওনোর আচরণকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে ও সংশ্লিষ্ট ধারায় তাকে সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
একই সাথে বিধির ৫২ নম্বর ধারা অনুযায়ী অতিরিক্ত আর্থিক জরিমানাও কার্যকর হবে। তবে জরিমানার নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি।
এদিকে এ ঘটনা ওওনোর নিজের জীবনেও প্রভাব ফেলেছে। মিগেলের মৃত্যুর পর ৪ নভেম্বর ক্লাবের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। কী ঘটেছে, তা মেনে নেয়া আমার জন্য অত্যন্ত কঠিন।’
নিহত ফুটবলারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরো বলেন, ‘মিগেলকে হারানোর বেদনা অসীম। আমি তার কথা, তার পরিবার ও তাকে ভালোবাসতেন এমন প্রত্যেকের কথা ভাবছি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








