বাল্যবিয়ে বন্ধ, সমান সুযোগ ও নিরাপদ পরিবেশের দাবি কন্যাশিশুদের
রাজধানীর মিরপুরে কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুরা : নয়া দিগন্ত।

 

Advertisement

বাল্যবিয়ে বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া এবং কন্যাশিশুদের শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সমান সুযোগ নিশ্চিতের দাবি জানানো হয়েছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে। গতকাল রাজধানীর মিরপুর-২-এর আলোক অডিটোরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এই সংলাপের আয়োজন করে। ‘বাল্যবিবাহ বন্ধ করি, কন্যাশিশুর অধিকার নিশ্চিতে বিনিয়োগ করি’ জাতিসঙ্ঘের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কন্যাশিশু, নাগরিক সমাজের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কন্যাশিশুদের নিজেদের অভিজ্ঞতা ও মতামত। বৈষম্য, সামাজিক বাধা, নিরাপত্তাহীনতা এবং ভবিষ্যৎ গড়ার পথে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে তারা।
অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, কন্যাশিশুদের সাফল্য উদ্যাপনের পাশাপাশি তাদের অধিকার বাস্তবায়নের পথে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করতে হবে। তিনি বলেন, শুধু কন্যারা বিশ্বজয় করবে বললেই হবে না, কিভাবে তারা বিশ্বজয় করবে, সেই সুযোগ আমরা কিভাবে সৃষ্টি করছি তা নিয়েও ভাবতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমজেএফের সহকারী প্রকল্প ব্যবস্থাপক লাইসা মাহমুদ হেমা। ইউনিসেফ, ইউএনএফপিএ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিভিন্ন  গবেষণা ও জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, বাংলাদেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭.২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে এবং ১৩.৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছরের আগে। প্রাথমিক স্তরে শিক্ষা সমাপ্তির হার ৯১.৩ শতাংশ হলেও নি¤œমাধ্যমিকে তা কমে ৭৫.৯ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে মাত্র ৪১.১ শতাংশে নেমে আসে। কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্যসেবা, ডিজিটাল দক্ষতা এবং নিজেদের জীবনসংক্রান্ত সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ বাড়াতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন তিয়াশা ইদরাক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা; প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর, ইনফ্লুয়েন্সিং ক্যাম্পেইন অ্যান্ড কমিউনিকেশনস নিশাত সুলতানা এবং সেরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত।
তারা বলেন, পড়াশোনা ও খেলাধুলায় মেয়েদের উল্লেখযোগ্য অর্জন থাকলেও দারিদ্র্য, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং নিরাপত্তাহীনতার কারণে অনেক পরিবার মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। বাল্যবিবাহের মূল কারণগুলো দূর করতে পরিবার, সমাজ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকর উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে মায়ের আঁচলের শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের লিড, ইয়ুথ অ্যান্ড সোস্যাল কোহেশন ওয়াসিউর রহমান তন্ময় অংশগ্রহণকারী কন্যাশিশু, সহযোগী প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।