কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেফতার
ইটনা থানায় গ্রেফতার ১৭ মামলার আসামি হযরত আলী । নয়া দিগন্ত

কিশোরগঞ্জের ইটনায় হাওরের আলোচিত ডাকাত, খুন, চুরি, অপহরণ ও ডাকাতিসহ ১৭ মামলার আসামি হযরত আলীকে (৩৫) গ্রেফতার করেছে ইটনা থানার পুলিশ। 

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হযরত আলী জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মরহুম মগল মিয়ার ছেলে।

এর আগে, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছিলনী সেতু এলাকায় অবস্থান করে হযরত ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পার্শ্ববর্তী কাকটেঙ্গুর গ্রামের দিকে সরে গিয়ে আত্মগোপন করে।

ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান অভিযানে নেতৃত্ব দেন। এছাড়া এসআই সজীব কুমার দত্ত, এসআই একেএম মোশারফ হোসেন, এসআই মো. সালাহ উদ্দিন, এসআই মো. সামছুল আলম সাব্বির, এএসআই আলমগীর ভূইয়া, এএসআই মোস্তাক হোসেন, এএসআই মো. মেহেদী হাসান এবং সঙ্গীয় ফোর্স এই সাঁড়াশি অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, সে আন্ত:জেলা ডাকাতদলের একজন সক্রিয় সদস্য এবং হাওরাঞ্চলে নৌডাকাতিসহ চুরি ও ডাকাত দলের গ্যাং লিডার। তার নামে ইটনা ও মিঠামইন থানায় একাধিক খুন ও ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে হাওর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। জেলা পুলিশের কাছে ছিল সে মোস্ট ওয়ান্টেড।

তাকে ধরতে রাতভর গ্রাম এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এরপরও তাকে ধরতে না পারায় পুলিশ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনের বেলায়ও অভিযান অব্যাহত রাখে। অবশেষে বেলা আড়াইটার দিকে কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেফতারকরে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান জানান, বিগত বর্ষা মৌসুমে হাওরে একাধিক ডাকাতির ঘটনায় হযরত ডাকাত নেতৃত্ব দিয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করলেও সে কৌশলে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আসছিল।