
দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদফতর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশ নিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন।
প্রকল্প পরিচালক মো: আতিকুর রহমান স্বাক্ষরিত আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদফতর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেয়া হবে।
এ প্রশিক্ষণে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে
[http://www.dzaiproject.com/apply](http://www.dzaiproject.com/apply?utm_source=chatgpt.com) ঠিকানায় আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
সফলভাবে আবেদন জমা দেয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে। যুব উন্নয়ন অধিদফতরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।
প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। এ ছাড়া অনাবাসিক প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে নির্ধারিত শর্ত পূরণ করে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ দেয়া হবে।
প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে বিভাগভিত্তিক চারটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ-১-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
প্যাকেজ-২-এর আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটির যৌথ উদ্যোগ।
প্যাকেজ-৩-এর আওতায় বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
অন্যদিকে প্যাকেজ-৪-এর আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশের যৌথ উদ্যোগ। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








