শেখ হাসিনা
শেখ হাসিনা। সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের অনুরোধসংক্রান্ত খবর এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ— এই তিন বিষয়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা সময়ে আলোচনা হলেও নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত খবর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

Advertisement

সরকারের পক্ষ থেকে আবেদনসংক্রান্ত তথ্যের সত্যতা ও আইনি ভিত্তি যাচাইয়ের কথা বলা হয়েছে। অন্য দিকে বিএনপি নেতারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ স্বাগত জানাবে না। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে।

তবে পুরো বিষয়টির সাথে কয়েকটি পৃথক প্রশ্ন জড়িত— শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন কি না, পাসপোর্ট ও এনআইডির আবেদন সত্যিই করা হয়েছে কি না, আবেদন করলে তা আইনগতভাবে বিবেচনার সুযোগ কতটুকু এবং দেশে ফিরলে তার বিরুদ্ধে চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার কী রূপ হবে। এসব প্রশ্নের উত্তর স্পষ্ট না হওয়া পর্যন্ত আবেদনসংক্রান্ত খবরকে প্রত্যাবর্তনের পরিকল্পনা হিসেবে দেখার সুযোগ নেই।

শেখ হাসিনার প্রত্যাবর্তন আলোচনার সূত্রপাত হয় তার নিজের পক্ষ থেকে ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে। বার্তা সংস্থা রয়টার্সের ৯ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আইনজীবীদের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। রয়টার্সের হাতে আসা একটি চিঠির ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের আগস্টে দেশত্যাগের পর বাংলাদেশ সরকারের সাথে শেখ হাসিনার এটিই প্রথম জানা আনুষ্ঠানিক যোগাযোগ। এর আগে তার পুরনো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছিল।

তবে আবেদনটির প্রকৃতি ও সত্যতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ঢাকায় কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে বলা হয়, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ ই-মেইলের মাধ্যমে পাসপোর্ট ও এনআইডির জন্য অনুরোধ জানায়। কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে দায়িত্ব দেয়ার কোনো অনুমোদনপত্র বা প্রয়োজনীয় প্রমাণপত্র ই-মেইলের সাথে ছিল না। ফলে যোগাযোগটি সত্যিই তার অনুমোদিত কি না— তা নিশ্চিত করা যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৯ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের জানান, পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি। পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যৌথভাবে বিষয়টি পরীক্ষা করছে। পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন এবং জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত বিধিবিধান পর্যালোচনা করে আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং শেখ হাসিনা আইনগতভাবে এসব নথি পাওয়ার যোগ্য কি না— তা নির্ধারণ করা হবে।

নাশকতার পরিকল্পনা ও সাম্প্রতিক সহিংসতা : শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও সম্ভাব্য প্রত্যাবর্তনের উদ্যোগের পাশাপাশি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের মতো সহিংসতার ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার জোরালো অভিযোগ তুলেছে।

বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য অনুসারে, আওয়ামী লীগ ডিসেম্বরকে সামনে রেখে ব্যাপক অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করেছে। দেশের মহাসড়ক ও রেলপথ নাশকতার মাধ্যমে বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১১টি সেল গঠন করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন করতে চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাটকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতিকে অচলাবস্থার দিকে ঠেলে দিতে শিল্প খাতকে লক্ষ্য হিসাবে নেয়া হয়েছে। গার্মেন্ট খাতের মজুরিসংক্রান্ত আন্দোলনকে আরো বহুমুখী করে সার্বিকভাবে অচলাবস্থার দিকে ঠেলে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর অংশ হিসাবে দেশের অর্থনৈতিক স্থাপনার পাশাপাশি সংবেদনশীল জ্বালানি ডিপো ও পাইপলাইনকেও টার্গেট করা হতে পারে বলে গোয়েন্দা তথ্যে উল্লেখ করা হয়েছে।
 
এ দিকে ঢাকার পরিস্থিতি মনিটরিং করার জন্য কলকাতার সল্টলেকে একটি লিয়াজোঁ অফিস স্থাপনের কথা জানা গেছে। এসব কার্যক্রমে প্রতিবেশী দেশের রাজ্য সরকার ও গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে সহযোগিতা করার কথাও জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত ১ নভেম্বর থেকে ঢাকায় অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, আগারগাঁও মেট্রোরেল স্টেশন, ধানমন্ডির সোবহানবাগ, জুলাই স্মৃতি জাদুঘরের আশপাশ, বাড্ডা, কাওরানবাজার, রাজারবাগ পুলিশ লাইনসের কাছাকাছিসহ বিভিন্ন পয়েন্টে এসব বিস্ফোরণ ঘটে। কয়েকটি ঘটনায় পুলিশ সদস্য আহত হন এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারও করা হয়।

পুলিশের মতে, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিসেম্বর মাসে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে আতঙ্ক ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় অনেককে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার হওয়া প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণসাপেক্ষ।

তৈরী পোশাকশিল্পের অস্থিরতা নিয়েও সরকার রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, সাবেক আওয়ামী লীগ সরকারের সাথে সংশ্লিষ্ট কয়েকজন শিল্পোদ্যোক্তা, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী পোশাকশিল্পে অস্থিতিশীলতা তৈরিতে ভূমিকা রাখছেন। শ্রমিকদের প্রকৃত দাবিকে পুঁজি করে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সহিংসতা ও কারখানা বন্ধের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। 

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চায় সরকার : শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে সরকারের অবস্থান আরো স্পষ্ট হয়েছে প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন প্রসঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ ইতোমধ্যে ভারত সরকারের কাছে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। অর্থাৎ সরকার তাকে নতুন পাসপোর্ট নিয়ে সাধারণ যাত্রীর মতো দেশে ফেরার সুযোগ দেয়ার পরিবর্তে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায়।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান গত ১০ নভেম্বর বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার আপাতত কোনো আইনগত জটিলতা দেখছে না। তার বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা কেবল অভিযুক্ত নন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার সম্পন্ন হয়েছে এবং দণ্ডও ঘোষণা করা হয়েছে। তবে তিনি একই সাথে জানান, শেখ হাসিনা নিজে সরাসরি আবেদন করেননি; বরং দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টারের কাছে একটি আইনজীবী প্রতিষ্ঠান পাসপোর্টের ব্যবস্থা করার জন্য চিঠি পাঠিয়েছিল।

এখানে বিচারিক অবস্থানটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট ২০২৪-এর আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তিনি ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করেছেন। ফলে তার দেশে ফেরার প্রশ্নটি শুধু রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সাথে বিচারিক রায়, আত্মসমর্পণ, আইনি অধিকার এবং প্রত্যর্পণসংক্রান্ত আন্তর্জাতিক বিধানও ওতপ্রোতভাবে জড়িত।

ভারতের অবস্থানও এ ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ১০ নভেম্বর জানান, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারসংক্রান্ত বিষয়; সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে। পাসপোর্ট ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বিষয়টিকে কারিগরি ও আইনি প্রশ্ন হিসেবে উল্লেখ করেন। অর্থাৎ ভারত এখন পর্যন্ত প্রত্যর্পণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি।

বিএনপির প্রতিক্রিয়া : জনগণ স্বাগত জানাবে না

শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে বিএনপির প্রতিক্রিয়া বেশ কঠোর। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নতুন পাসপোর্ট ও এনআইডির অনুরোধকে ‘নির্লজ্জ কাজ’ বলে মন্তব্য করেন। তার বক্তব্য, আন্দোলনে শিক্ষার্থী, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষের প্রাণহানির অভিযোগের পর শেখ হাসিনা কিভাবে দেশে ফিরে জনগণের অভ্যর্থনা পাওয়ার আশা করতে পারেন? ৯ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রিজভী দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ দেশের মানুষ ভুলে যায়নি। তবে তিনি একই সাথে যোগ করেন, বিষয়টি নিয়ে আইন তার নিজস্ব গতিতেই চলবে।

১১ নভেম্বরও শেখ হাসিনার ডিসেম্বরের সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গে রিজভী পুনর্ব্যক্ত করেন যে, সাধারণ জনগণ তার ফেরাকে কোনোভাবেই স্বাগত জানাবে না। বিএনপির অন্য নেতারাও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন বা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছেন। তবে দলটির পক্ষ থেকে মাঠপর্যায়ের নেতাকর্মীদের যেকোনো উসকানি এড়িয়ে চলা এবং সন্দেহজনক কর্মকাণ্ড অবিলম্বে প্রশাসনকে জানানোর নির্দেশনা দেয়া হয়েছে।
দীর্ঘ দিনের বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের শাসনামলে নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়া বিএনপি এখন সরকার পরিচালনায় রয়েছে। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তন কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘটনা নয়; এটি বিএনপির রাজনৈতিক অবস্থান, গণ-অভ্যুত্থান-পরবর্তী ক্ষমতার বিন্যাস এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকার সাথে গভীরভাবে সম্পর্কিত।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর ঘোষণা : শেখ হাসিনার ফেরা ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরকারের পক্ষে সবচেয়ে কঠোর বক্তব্য এসেছে জাতীয় সংসদে। ১১ নভেম্বর সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ ধারায় দেয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে যাওয়া ‘ফ্যাসিবাদী আওয়ামী শক্তিকে’ আর বাংলাদেশে ফিরতে বা রাজনীতি করতে দেয়া হবে না। নাৎসি জার্মানির সাথে তুলনা টেনে তিনি বলেন, যেভাবে নাৎসিরা জার্মানিতে ফিরে রাজনীতি করতে পারেনি, আওয়ামী লীগের পতিত শক্তিকেও বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে দেয়া হবে না। একই সাথে তিনি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় জাতীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আরো বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না। তবে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের ভবিষ্যৎ ও রাজনৈতিক পুনর্বিন্যাস : শেখ হাসিনার ফেরার আলোচনা আওয়ামী লীগের সাংগঠনিক ভবিষ্যৎকেও সামনে নিয়ে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির বহু নেতাকর্মী গ্রেফতার, আত্মগোপন কিংবা দেশের বাইরে অবস্থান করছেন। দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকায় প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগও সঙ্কুচিত।

শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দেশ-বিদেশে অবস্থানরত কিছু নেতাকর্মীর মধ্যে নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রবাসী নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যাবর্তনের পক্ষে প্রচারণা চালানোর কথাও বলা হয়েছে। 

অন্য দিকে বিএনপি সরকার ও দল হিসেবে দু’টি ভিন্ন দায়িত্ব একসাথে সামলাচ্ছে। সরকার হিসেবে তাদের মূল দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। আর দল হিসেবে তারা আওয়ামী লীগের প্রত্যাবর্তন এবং শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসনের তীব্র বিরোধিতা করছে। এই দুই অবস্থানের মধ্যে ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক পরীক্ষা।

বিশেষ করে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা নেয়া এবং দলটির সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রাখা— এই দু’টি বিষয়কে পৃথকভাবে বিবেচনা করা প্রয়োজন। 

প্রত্যর্পণ চুক্তির আইনি ও কূটনৈতিক জটিলতা

ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১৩ সালের জানুয়ারিতে স্বাক্ষরিত বন্দী প্রত্যর্পণ চুক্তি এবং ২০১৬ সালের সংশোধনী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি। তবে চুক্তি থাকলেই প্রত্যর্পণ বাধ্যতামূলক নয়; অপরাধের প্রকৃতি, বিচারিক নথি, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ এবং মানবাধিকারসংক্রান্ত প্রশ্ন বিবেচনায় নিতে হয়। চুক্তির ২ নম্বর ধারা অনুযায়ী, যে অপরাধে প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, তা উভয় দেশেই অপরাধ হতে হবে এবং সাধারণভাবে ন্যূনতম এক বছরের কারাদণ্ডযোগ্য হতে হবে। অপরাধের নামের পার্থক্য প্রত্যর্পণের পথে বাধা নয়। ৬ নম্বর ধারায় রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। তবে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গুরুতর সহিংস অপরাধের মতো নির্দিষ্ট অপরাধকে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে বিবেচনা করা হয়েছে।

২০১৬ সালের প্রটোকলে প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ করা হয়। বিশেষ করে, বিচারাধীন মামলায় প্রাথমিক প্রমাণের বিস্তারিত উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করে গ্রেফতারি পরোয়ানা ও অভিযোগের সারসংক্ষেপের ভিত্তিতে আবেদন করার সুযোগ তৈরি হয়।
তবে শেখ হাসিনার ক্ষেত্রে কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রথমত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় ভারতের আইনি পর্যালোচনায় আসতে পারে। দ্বিতীয়ত, চুক্তির ৮(১)(ক) ধারা অনুযায়ী, অভিযোগ ন্যায়বিচারের স্বার্থে সদিচ্ছার ভিত্তিতে করা হয়নি কিংবা প্রত্যর্পণ অন্যায্য বা নিপীড়নমূলক হবে— এমন যুক্তিতে ভারত আবেদন প্রত্যাখ্যান করতে পারে। তৃতীয়ত, দণ্ডিত ব্যক্তির প্রত্যর্পণের ক্ষেত্রে ১০(৪) ধারায় দণ্ডাদেশের প্রত্যয়িত নথি ও অবশিষ্ট সাজার বিবরণ প্রয়োজন। 

মৃত্যুদণ্ডের বিষয়টিও গুরুত্বপূর্ণ। যদিও চুক্তিতে মৃত্যুদণ্ডের কারণে প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ করার স্পষ্ট বিধান নেই, ভারতের অভ্যন্তরীণ আইন, ন্যায়বিচার ও মানবাধিকারসংক্রান্ত বিবেচনায় এ প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে আত্মপক্ষ সমর্থন ও পুনর্বিচারের সুযোগ নিশ্চিত করার বিষয়টি আলোচনায় আসতে পারে।

এ ক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যর্পণ কেবল চুক্তির বাধ্যবাধকতার বিষয় নয়। এক দিকে বাংলাদেশ গুরুতর ফৌজদারি অপরাধের বিচার ও দণ্ড কার্যকরের যুক্তি তুলে ধরবে, অন্য দিকে ভারত রাজনৈতিক উদ্দেশ্য, বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও ন্যায়বিচারের নিশ্চয়তা বিবেচনা করতে পারে। শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ার পাশাপাশি দুই দেশের কৌশলগত স্বার্থ ও কূটনৈতিক সম্পর্কই এ সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠবে। 

সামনে যে চারটি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ

প্রত্যাবর্তন ইস্যু ও চলমান সহিংসতা নিয়ে বিতর্কে মূলত চারটি বিষয় বিশেষভাবে পর্যবেক্ষণযোগ্য। ১. পাসপোর্ট ও এনআইডির-সংক্রান্ত আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো চিঠিটি শেখ হাসিনার অনুমোদিত কি না, প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ আছে কি না এবং আইন অনুযায়ী তিনি নথি পাওয়ার যোগ্য কি না— সরকারের যাচাইয়ে তা স্পষ্ট হতে হবে। ২. ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ প্রক্রিয়া : বাংলাদেশ ইতোমধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক যোগাযোগ করেছে। ভারত সরকার কী সিদ্ধান্ত নেয়, প্রত্যর্পণ চুক্তির কোন বিধান প্রয়োগ করা হয় এবং সম্ভাব্য আইনি আপত্তি কিভাবে নিষ্পত্তি হয়, তা দেখার বিষয়। ৩. বিচারিক প্রক্রিয়া : শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে ঘোষিত রায়, আত্মসমর্পণ, আপিলের সুযোগ এবং বিচারিক অধিকার কিভাবে কার্যকর হবে, তা সম্পূর্ণ আইনের ভিত্তিতে নির্ধারিত হতে হবে। ৪. আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ : দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা, সাংগঠনিক পুনর্গঠন, নেতৃত্বের ভূমিকা এবং রাজনৈতিক অধিকার নিয়ে ভবিষ্যতে কী সিদ্ধান্ত আসে, তা দেশের দলীয় রাজনীতির গতিপথে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।

শেখ হাসিনার দেশে ফেরা এখন আর কেবল রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়। এক দিকে শেখ হাসিনার পক্ষ থেকে ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ এবং নতুন ভ্রমণ নথির জন্য যোগাযোগের খবর এসেছে; অন্য দিকে সরকার তাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনার অবস্থান নিয়েছে এবং নাশকতার বিরুদ্ধে নিরাপত্তা তৎপরতা বাড়িয়েছে।

রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকার ও বিএনপির কঠোর অবস্থানের পাশাপাশি রাষ্ট্রের আইনি অবস্থান কতটা স্বচ্ছ থাকে। বিচারিক দায় নির্ধারণ, রাজনৈতিক নিষেধাজ্ঞা, নাগরিক অধিকার এবং জননিরাপত্তা— প্রতিটি সঙ্কটের সমাধান হতে হবে সম্পূর্ণ আইন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের সামনে যে গণতান্ত্রিক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, তার অন্যতম প্রধান ভিত্তি হলো জবাবদিহি, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা। সেই অঙ্গীকারের বাস্তব প্রয়োগই বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।