
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং তাদের সাশ্রয়ী মূল্যে চাল প্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করছে সরকার।
শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় ট্রাকসেলের মাধ্যমে এ কর্মসূচির আওতায় চাল বিক্রি শুরু হবে।
এ কার্যক্রমের আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত প্রত্যেক শ্রমিক মাসে ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) ট্রাকে চাল বিক্রি করা হবে।
চাল কেনার ক্ষেত্রে শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে তাদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে চাল বিক্রি করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদফতরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।
উল্লেখ্য, নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্যপ্রাপ্তি সহজলভ্য করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে ওএমএস কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ এ উদ্যোগ নেয়া হয়েছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








