আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম


আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের আগে ভেন্যুটির মাঠ, উইকেট, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা ও গণমাধ্যমের সুযোগ-সুবিধা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দল।
আগামী ২২ ও ২৩ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এ আয়োজন নির্বিঘœ করতে সোমবার স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি ও অবকাঠামোগত সুবিধা সরেজমিনে পর্যালোচনা করেন বিসিবির ছয় সদস্যের প্রতিনিধি দলের কর্মকর্তারা। পরিদর্শনে যেসব বিষয়ে সামান্য পরিবর্তন বা উন্নয়নের প্রয়োজন রয়েছে, সেগুলোও চিহ্নিত করা হয়েছে।
বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে। পরিদর্শন শেষে ভেন্যুটির সুযোগ-সুবিধা ও এবিজি স্পোর্টস সিটির সহযোগিতার প্রশংসা করেন তিনি।
এ প্রসঙ্গে সৈয়দ আব্দুল বাতেন বলেন, ‘দুই দিনের এই প্রস্তুতি ম্যাচ আমাদের জন্য একটি টেস্ট কেস। বসুন্ধরায় আরো একটি মাঠ তৈরি হচ্ছে। তাদের ভালো অনুশীলন সুবিধাও রয়েছে।’
পরিদর্শনকালে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো: ইমরুল হাসান, এবিজির সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল শোয়েব শফিকসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনকে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ও এবিজি স্পোর্টস সিটির জন্য বিশেষ অর্জন হিসেবে দেখছেন পরিচালক মো: ইমরুল হাসান। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সাথে দুই দিনের একটি ম্যাচ হবে। এবিজি স্পোর্টস সিটি ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য এটি অবশ্যই গৌরবের বিষয়।’
বিসিবির প্রতিনিধি দলকে স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা দেখানোর কথা উল্লেখ করে মো: ইমরুল হাসান বলেন, ‘মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সাংবাদিকদের কক্ষ, মেডিক্যাল রুমসহ সবকিছুই আমরা তাদের দেখিয়েছি। বিসিবি এ ধরনের আয়োজন করতে অভ্যস্ত, আর আমরা একেবারেই নতুন। তাই তাদের দিকনির্দেশনা নিয়েই কাজ এগিয়ে নিচ্ছি। তাদের কথাবার্তা থেকে আমার মনে হয়েছে, তারা পুরোপুরি সন্তুষ্ট।’ বিজ্ঞপ্তি।

Advertisement