
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল অথবা সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারাগুলো সংশোধনের জোর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
শনিবার (১৪ নভেম্বর) রাঙ্গামাটির কাঁঠালতলী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান।
সাংবিধানিক অধিকার বঞ্চিত ও নিপীড়িত জনতার অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার এই সংগঠনটির দাবি ও সুপারিশ সংবলিত প্রচারপত্র বিতরণ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পিসিএনপি রাঙ্গামাটি জেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী মুজিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: হাবিব আজম, সাবেক কেন্দ্রীয় সভাপতি সুমন আহমেদসহ খাগড়াছড়ি ও বান্দরবান জেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি কাজী মুজিবুর রহমান বলেন, ‘পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্বে যে চুক্তি সম্পাদিত হয়েছিল, তার মাধ্যমে কাঙ্ক্ষিত শান্তি আসেনি; বরং পাহাড়ে অস্ত্রবাজি, গুম, খুন ও সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে।’
বক্তারা এই চুক্তিকে একটি ‘অশুভ ও কালো চুক্তি’ হিসেবে আখ্যায়িত করে তা অবিলম্বে বাতিলের জোরালো দাবি জানান।
তিনি আরো বলেন, ‘যদি চুক্তিটি পুরোপুরি বাতিল করা সম্ভব না হয়, তবে সংবিধানের যেসব ধারায় এ অঞ্চলের সাধারণ মানুষ অধিকার বঞ্চিত হচ্ছে, সেগুলোর প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। পাহাড়ে বসবাসকারী সকল স্টেকহোল্ডার ও অংশীজনের সাথে সমন্বয় করে এবং সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে চুক্তিটি পুনঃমূল্যায়ন (রিভিউ) করা যেতে পারে। তবে এ বিষয়ে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।’
সংবাদ সম্মেলনে অতীতে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড ও সংঘাতের প্রসঙ্গ টেনে কাজী মুজিবুর রহমান এসব ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও সুপারিশ সংবলিত প্রচারপত্র উপস্থিত সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








