
গোপালগঞ্জে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে চন্দ্রদীঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মহিবুল্লাহ। তিনি চন্দ্রদীঘলিয়া গ্রামের মরহুম সুফি সাহেবের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপীনাথপুর ফাড়ির ইনচার্জ মো: ইকরাম হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস চন্দ্রদীঘলিয়া এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ মারা যান।
এ ঘটনায় আহত হন ইজিবাইকে থাকা তিন যাত্রী। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








