জামায়াতের রুকন শিক্ষাশিবির
জামায়াতের রুকন শিক্ষাশিবির। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘ফ্যাসিবাদ, স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ। বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ সরকারকে ছাড় দেবে না।’

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘জামায়াতে ইসলামী ও বিরোধী দলগুলোর উদ্যোগে আয়োজিত তিনটি লংমার্চে লাখ লাখ মানুষের অংশগ্রহণ সংস্কারের পক্ষে জনসমর্থনের প্রতিফলন ঘটিয়েছে। সরকারকে জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করে দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে।’

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ। ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনো আপস করা যাবে না।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যক্তিগত লোভ, স্বার্থ ও ক্ষমতার মোহ পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। ঈমানি চেতনা, তাকওয়া, আমানতদারি ও নৈতিকতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে।’

কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য আব্দুস সাত্তারের পরিচালনায় রুকন শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল।