
সৌদি আরব বাংলাদেশকে হজ কোটা বৃদ্ধি এবং বাংলাদেশী হাজিদের জন্য আরো সুযোগ-সুবিধা বাড়ানোর নিশ্চয়তা দিয়েছে।
জেদ্দায় ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহর মধ্যে গত সোমবার অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ নিশ্চয়তা দেয়া হয়।
শনিবার (১৪ নভেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের আগে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের মধ্যকার বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৈঠকে সৌদি আরব ইতিবাচক আশ্বাস দিয়ে বলেছে, অন্য কোনো দেশ তাদের জন্য বরাদ্দকৃত হজ কোটা পূরণ করতে ব্যর্থ হলে বা তা পুরোপুরি ব্যবহার করতে না পারলে, সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেয়া হতে পারে। সৌদি মন্ত্রী জানান, এমন পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়া হবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের অসাধারণ উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বাংলাদেশী হাজিদের প্রতি সৌদি সরকারের অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, উভয় দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য আদান-প্রদান আরো জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
কায়কোবাদ আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর ও শক্তিশালী হবে।
সৌদি আরবের মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বাংলাদেশী হাজিদের জন্য অব্যাহত সহায়তা প্রদানের নিশ্চয়তা দেন। এছাড়া, হজ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়ার আগ্রহ প্রকাশ করেন।
সৌদি মন্ত্রী হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখরা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন দাফের বিন উবাইয়াহ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো: আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








