বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ছেলে
বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ছেলে। নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় বাবাকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি ছেলে খায়রুল শেখকে (২৬) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী গোপালগঞ্জ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খায়রুল শেখ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের নিহত বৃদ্ধ আফসার শেখের ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ নভেম্বর দুপুরে পারিবারিক কলহের জের ধরে খায়রুল শেখ তার বাবা আফসার শেখকে (৬৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বড় ছেলে শামীম শেখ ৭ নভেম্বর ছোট ভাই খায়রুল শেখ, খায়রুলের স্ত্রী জুঁই বেগম ও মা আনোয়ারা বেগমকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি আরো জানান, মামলা দায়েরের পরপরই এজাহারভুক্ত আসামি জুঁই বেগম ও আনোয়ারা বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। পলাতক প্রধান আসামি খায়রুল শেখকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রাখে এবং আজ শনিবার বিকেলে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।