সম্পত্তির লোভে বাবাকে পাগল সাজানোর চেষ্টা

 রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
সম্পদের লোভে নিজের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন মিলে পাগল বানানোর অপচেষ্টা চালাচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রনহাট্টা চৌরঙ্গী এলাকার ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের। গতকাল সোমবার দুপুরে রানীশংকৈল প্রেস ক্লাব কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে আবদুল কাদের বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি অত্যন্ত সুনামের সাথে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি নিয়মিত প্রাইভেটকার চালানোসহ স্থানীয় জুয়েলারি মালিক সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির দিকে লোলুপদৃষ্টি পড়ে ছেলে মাসুদ রানা, স্ত্রী নাসিরুন, মেয়ে আদিরুন, আকসেমা ও জামাতা শাহজাহান কবিরের। তাদের নামে সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় তাকে পরিকল্পিতভাবে মানসিক ভারসাম্যহীন বা পাগল প্রমাণ করার চেষ্টা চালানো হচ্ছে, যাতে সহজে সম্পত্তি দখল করা যায়। তাকে জোরপূর্বক রংপুরের একটি সাইকিয়াট্রিক কেয়ারে ২৮ দিন আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ তার পক্ষে গণস্বাক্ষর দিয়েছেন। চিকিৎসকের প্রেসক্রিপশন ও মেডিক্যাল সনদ অনুযায়ীও তিনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। সাথে থাকা ভাতিজা জসিমউদ্দীনও তার চাচার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন। নিজের নিরাপত্তা ও সম্পত্তির সুরক্ষায় বাধ্য হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।

Advertisement