ট্রাম্প ও জিনপিংয়ের সাথে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব পুতিনের

ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স
ইউক্রেন সঙ্কটের ইতি টানতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সাথে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। আগামী মাসে চীনে এই উচ্চপর্যায়ের বৈঠকটি আয়োজনের প্রস্তাব করা হলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এতে এখনো সম্মতি জানাননি। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) সম্মেলনের ফাঁকে প্রস্তাবিত এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। তবে ওয়াশিংটনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পুতিনের এই প্রস্তাব নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি যুক্তরাষ্ট্র। অন্য দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় মিত্রদের আলোচনার বাইরে রেখে যুদ্ধ নিরসনে এমন উদ্যোগ গ্রহণ নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সঙ্ঘাতের সাথে সরাসরি জড়িত থাকা সত্ত্বেও ইউক্রেন ও ইউরোপীয় শীর্ষ নেতারা এই আলোচনায় অংশ নেয়ার সুযোগ না-ও পেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্ভাব্য এই বৈঠক নিয়ে আলোচনার বিষয়টি স্বীকার করেছেন। তবে বৈঠকের আলোচ্য বিষয় কী হবে কিংবা এটি আদৌ বাস্তবায়িত হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো সম্মতি হয়নি বলে তিনি মন্তব্য করেন।
রাশিয়ার সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, গত ৯ অক্টোবর ট্রাম্পের সাথে টেলিফোনালাপের সময় পুতিন এই ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়টি তুলে ধরেন। ওই ফোনালাপেই রুশ ডিজেল জ্বালানি ক্রয় করা এবং আন্তর্জাতিক বাজারে তা বিপণনের সুযোগ করে দেয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায় দুই দেশ।

Advertisement