প্রবাসীর পরিবারকে হুমকি, অনিশ্চিত ২ শিশুর পড়াশোনা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ক্রমাগত হুমকি ও আতঙ্কে দিন কাটাচ্ছে এক সৌদি প্রবাসীর পরিবার। প্রাণনাশের ভয়ে দুই শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন প্রবাসীর স্ত্রী ও সন্তানরা।
উপজেলার উছমানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করেন স্থানীয় ব্যবসায়ী পারভেজ মিয়া ও সৌদি প্রবাসী মো: কাদির মিয়া। অভিযোগ উঠেছে, কাদিরকে নির্বাচন থেকে সরাতে না পেরে পারভেজ ও স্থানীয় বিএনপি নেতা সেতু মিয়ার অনুসারীরা প্রবাসীর পরিবারকে হেনস্তা করতে শুরু করেন। গত ২৩ আগস্ট প্রবাসীর বাড়িতে ঢুকে গালিগালাজ, শিশুদের হত্যা করার হুমকি ও মোবাইল ভেঙে ফেলার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
এই আতঙ্কে স্কুলে যেতে পারছে না স্থানীয় নাজির দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী আদিবা তাবাসসুম (৯) এবং কুলিয়ারচর উদয়ন কিন্ডারগার্টেনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মাহমুদুল হাসান রাফি (১৩)। শিশু রাফি জানায়, তাকে রাস্তায় পথরোধ করে হত্যার হুমকি দেয়া হয়েছে। প্রবাসীর স্ত্রী রাবেয়া বসরি বলেন, বাড়িতে কোনো পুরুষ না থাকার সুযোগে তারা আমার কোমলমতি সন্তানদের মেরে ফেলার ভয় দেখাচ্ছে। আতঙ্কে বাড়ি ছেড়ে অন্য জায়গায় আছি।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় সাধারণ ডায়েরি এবং কিশোরগঞ্জের আদালতে মামলা করেছেন রাবেয়া বসরি। অভিযুক্ত পারভেজ মিয়া ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেতু মিয়া বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। কুলিয়ারচর থানার উপপরিদর্শক আবু কায়সার জানান, জিডির তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement