টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন
টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন। সংগৃহীত

নেতাকর্মীদের গ্রেফতার করা কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।

Advertisement

এ সময় থানা থেকে অস্ত্র লুট ও থানায় আটক থাকা দলীয় নেতাকর্মীদের ছিনিয়ে নেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা জানান, গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজনকে মঙ্গলবার দিনের বেলা গ্রেফতার করে পুলিশ।

তাদেরকে ছিনিয়ে নেয়ার জন্য সন্ধ্যায় থানা ঘেরাও করেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু পুলিশ আটককৃতদের ছাড়তে অস্বীকার করার একপর্যায়ে থানায় হামলা চালায় ঘেরাওকারীরা।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করলে হামলাকারীদের মধ্যে অন্তত দু’জন আহত হয় বলে তারা খবর পেয়েছেন।

এরপর পুনরায় হামলা চালিয়ে থানায় আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের গাড়িতেও আগুন দেয়া হয়।

এ বিষয়ে কথা বলার জন্য গোপালগঞ্জ জেলার এসপি ও টুঙ্গিপাড়া থানার ওসিকে ফোন দিলেও তারা ধরেননি। তবে জেলা পুলিশের একজন কর্মকর্তা থানায় আগুন দিয়ে আসামি ছিনিয়ে নেয়ার কথা স্বীকার করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবিসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।