
বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনসংখ্যাগত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসঙ্ঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসঙ্ঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আরো জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদরদফতরে ইউএনডিপি ও ইউএনএফপিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পৃথক বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন।
ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজার সাথে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন তিনি।
বৈঠকে জহির উদ্দিন স্বপন স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি (এসটিএস) বাস্তবায়নে কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা এবং রফতানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে কান্নি উইগ্নারাজা এসব ক্ষেত্রে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিক আইন আধুনিকায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সহযোগিতার কথা জানান।
অন্যদিকে, ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কেইতার পক্ষে সংস্থাটির কর্মসূচি বিভাগের উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সাথে বৈঠক করেন জহির উদ্দিন স্বপন।
এ সময় তিনি জনসংখ্যা গবেষণা, নির্ভরযোগ্য জনসংখ্যা উপাত্ত সংগ্রহ এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে ইউএনএফপিএর আরো সহযোগিতা কামনা করেন।
জবাবে সোয়োলতুয়া বায়ারা মাতৃ ও প্রজননস্বাস্থ্যসেবা, ধাত্রীসেবা সম্প্রসারণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং রোহিঙ্গা নারীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ইউএনএফপিএর চলমান কার্যক্রম তুলে ধরেন। একইসাথে বাংলাদেশের সাথে ভবিষ্যতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করা এবং সহযোগিতা সম্প্রসারণে সংস্থাটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বাংলাদেশের সংসদীয় কমিটির সদস্যদের সরকারের কার্যক্রমের ওপর কার্যকর জবাবদিহি নিশ্চিত করার সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন। এ লক্ষ্যে উভয় সংস্থার চলমান কর্মসূচিগুলো আরো সময়োপযোগী করার জন্য পরামর্শমূলক প্রস্তাব দেন তিনি।
উভয় সংস্থার প্রতিনিধিরা তার প্রস্তাবকে স্বাগত জানান এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে জাতিসঙ্ঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হকসহ ইউএনডিপি, ইউএনএফপিএ ও বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








