
মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে বেশির ভাগ শ্রমিক বাসায় ফিরে যান। তবে অনেক পোশাক কারখানার শ্রমিক বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উপস্থিত রয়েছেন।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








