
সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন জানিয়ে স্পিকার বলেন, জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর ২০২৬ তারিখ হতে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন।
পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র প্রাপ্ত হওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ভোটে লড়েন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ধানের শীষ প্রতীকে এক লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেহাদ খান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছিলেন এক লাখ ২ হাজার ৪৭৬ ভোট।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নির্বাচনের পরে মন্ত্রিসভা গঠনের আলোচনায় তার নামও ছিল। তবে বিএনপি সরকারের মন্ত্রিসভা কিংবা অন্য কোনো দায়িত্বেও ঠাঁই পাননি এই প্রবীণ নেতা। যা নিয়ে কিছুটা ক্ষোভ ছিল বলে জানা গেছে। তবে কী কারণে হঠাৎ পদত্যাগ করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
ড. ওসমান ফারুক দীর্ঘদিন বিশ্বব্যাংকে উচ্চপদে চাকরি করেছেন। অবসরের পরপরই ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি সংসদ সদস্য হন। পরে চারদলীয় জোট সরকারে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।
২০০৮ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করে আওয়ামী লীগ সরকার। একপর্যায়ে তিনি দেশ ছেড়ে চলে যান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি দেশে ফেরেন।
১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাকৃবিতে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








