
একটি বিল, অথচ সম্ভাবনা যেন একটি অর্থনৈতিক অঞ্চলের! পরিকল্পিত খনন, পানি সংরক্ষণ, মৎস্য উৎপাদন, বনায়ন, পর্যটন ও যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা গেলে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিলভাতিয়া হয়ে উঠতে পারে উত্তরাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক কেন্দ্র। শুধু ভোলাহাট নয়, এর সুফল ছড়িয়ে পড়তে পারে গোটা চাঁপাইনবাবগঞ্জসহ দেশের অর্থনীতিতে।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভোলাহাট উপজেলা। আম, রেশম, ধান ও মৎস্যসম্পদের জন্য পরিচিত এ জনপদ দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে পারেনি। অনেকের কাছে এ জনপদ যেন জেলার মধ্যে এক বিচ্ছিন্ন দ্বীপ। অথচ যথাযথ পরিকল্পনা ও সরকারি উদ্যোগ গ্রহণ করা হলে এখানকার প্রাকৃতিক সম্পদই হতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান হাতিয়ার।
এক্ষেত্রে সবচেয়ে বড় সম্ভাবনার নাম বিলভাতিয়া। প্রায় ছয় হাজার একর এলাকাজুড়ে সম্ভাবনার বিশাল ভাণ্ডার।
স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি মিলিয়ে বিলভাতিয়ার ধানি জমি ও বিলের বিস্তৃতি প্রায় ছয় হাজার ৮৬ একর এবং জলাশয়ের পরিমাণ প্রায় ৩০২ একর। বিশাল এই জলাভূমিকে ঘিরে সমন্বিত উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে কৃষি, মৎস্য, বনায়ন, পর্যটন ও পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
বিশেষজ্ঞদের মতামত ও যথাযথ কারিগরি সমীক্ষার ভিত্তিতে বিলটির পরিকল্পিত খনন এবং পানি ধারণক্ষমতা বৃদ্ধি করা গেলে এটি হয়ে উঠতে পারে একটি বৃহৎ প্রাকৃতিক জলাধার। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে সেই পানি কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হবে। এতে হাজার হাজার একর কৃষিজমিতে সেচ সুবিধা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
ভূ-গর্ভস্থ পানির চাপ কমবে, বাড়বে কৃষকের লাভ
বর্তমানে কৃষিকাজে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা অনেক বেশি। বিলভাতিয়াকে পানি সংরক্ষণাগার হিসেবে গড়ে তোলা গেলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো সম্ভব হবে। ফলে গভীর নলকূপের ওপর নির্ভরতা কমবে, ভূ-গর্ভস্থ পানির অপচয় ও পানির স্তর নেমে যাওয়ার ঝুঁকি হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে।
কম খরচে সেচ সুবিধা পেলে কৃষকের উৎপাদন ব্যয় কমবে। বাড়বে ফসলের উৎপাদন ও কৃষকের আয়। একই সাথে ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের নতুন সুযোগ সৃষ্টি হবে।
মৎস্য উৎপাদনে হতে পারে উত্তরাঞ্চলের অন্যতম কেন্দ্র
কালের বিবর্তনে বিলভাতিয়ার জলাশয়ের অনেক অংশ ভরাট ও নাব্যতা হারানোর ফলে মাছের প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। পরিকল্পিতভাবে বিলটি খনন করে জলাশয়ের গভীরতা ও পানি ধারণক্ষমতা বাড়ানো গেলে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদনের পরিবেশ উন্নত হতে পারে।
পরিকল্পিত মৎস্য অভয়াশ্রম, আধুনিক মাছ চাষ এবং মৎস্য আহরণ ও বিপণনব্যবস্থা গড়ে তোলা হলে ভোলাহাটের চাহিদা পূরণের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও দেশের অন্যান্য জেলায় মাছ সরবরাহের সুযোগ সৃষ্টি হবে। এতে মৎস্যজীবী, কৃষক, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকসহ বহু মানুষের কর্মসংস্থান হতে পারে।
পর্যটনকেন্দ্র হলে বদলে যাবে এলাকার অর্থনৈতিক দৃশ্যপট
বিলভাতিয়ার বিস্তীর্ণ জলরাশি, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে কাজে লাগিয়ে গড়ে তোলা যেতে পারে পরিকল্পিত পর্যটনকেন্দ্র। বিলের চারপাশে পরিবেশবান্ধব সড়ক ও বাঁধ, হাঁটার পথ, বৃক্ষরোপণ, নৌবিহারের ব্যবস্থা এবং নিরাপদ বিনোদনকেন্দ্র নির্মাণ করা হলে এটি হতে পারে উত্তরাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য।
বিলের উপযোগী স্থানে পরিবেশ ও জলপ্রবাহের ক্ষতি না করে পর্যটকদের জন্য বিনোদনকেন্দ্র গড়ে তোলা যেতে পারে। পাশাপাশি অতিথি পাখির নিরাপদ আবাসস্থল ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ ব্যবস্থা নেওয়া সম্ভব।
এমন উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা বিলভাতিয়া দেখতে আসবেন। গড়ে উঠবে হোটেল, রেস্তোরাঁ, নৌযান, স্থানীয় পণ্য বিক্রয়কেন্দ্রসহ নানা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা। ফলে স্থানীয় মানুষের আয়ের নতুন উৎস তৈরি হবে।
বনায়ন ও পরিবেশ সংরক্ষণে বাড়বে প্রাকৃতিক সম্পদ
বিলের চারপাশের উপযোগী সরকারি জমি ও রাস্তার দুই পাশে পরিকল্পিতভাবে দেশীয় বনজ, ফলজ ও পরিবেশবান্ধব গাছ লাগানো হলে একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য বাড়বে, অন্যদিকে ভবিষ্যতে কাঠ, ফল ও অন্যান্য বনজ সম্পদ থেকে অর্থনৈতিক সুফল পাওয়া সম্ভব হবে।
পাশাপাশি অতিথি পাখি, দেশীয় মাছ ও জলজ প্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে বিলভাতিয়া পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে খুলবে নতুন সম্ভাবনার দুয়ার
ভোলাহাটের অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। স্থানীয়দের প্রস্তাব, উপজেলার আলালপুর হয়ে শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা পর্যন্ত একটি পরিকল্পিত সড়ক নির্মাণ করা হলে দুই উপজেলার যোগাযোগ সহজ হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন বিকাশে নতুন সুযোগ তৈরি হবে।
প্রকল্পের কারিগরি সমীক্ষা অনুযায়ী উপযুক্ত স্থানে বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনার সাথে সমন্বয় করে সড়ক ও বাঁধ নির্মাণ করা গেলে তা কৃষিজমি ও জনবসতি সুরক্ষায়ও ভূমিকা রাখতে পারে।
এতে ভোলাহাটের সাথে শিবগঞ্জ উপজেলাসহ আশপাশের এলাকার যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
খনিজ সম্পদের সম্ভাবনা নিয়েও প্রয়োজন অনুসন্ধান
স্থানীয়ভাবে প্রচলিত তথ্য অনুযায়ী, ১৯৬২ সালে কানাডা থেকে আসা একটি গবেষক দল বিলভাতিয়া এলাকায় খনিজ সম্পদ নিয়ে অনুসন্ধান চালিয়েছিল। ওই অনুসন্ধানে পিট কয়লা ও তেলের সম্ভাবনার কথা আলোচনায় আসে বলে স্থানীয়দের দাবি।
তবে এসব তথ্যের নির্ভরযোগ্য সরকারি নথি, গবেষণার ফলাফল ও বর্তমান বাস্তবতা যাচাই করা জরুরি। তাই সংশ্লিষ্ট সরকারি সংস্থার মাধ্যমে আধুনিক ভূতাত্ত্বিক ও খনিজ সম্পদ জরিপ পরিচালনা করা যেতে পারে। প্রকৃত সম্ভাবনা থাকলে তা দেশের জ্বালানি ও খনিজ সম্পদ অনুসন্ধানে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
আইনশৃঙ্খলা ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব
বিলভাতিয়ার বিস্তীর্ণ এলাকা পরিকল্পিতভাবে উন্নয়ন, আলোকায়ন, নিরাপত্তাব্যবস্থা ও নিয়মিত নজরদারির আওতায় আনা গেলে নির্জন এলাকায় চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সহায়তা হতে পারে। একই সাথে মাদকবিরোধী সামাজিক কার্যক্রম জোরদার করার সুযোগ তৈরি হবে।
সবচেয়ে বড় বিষয়, কৃষি, মৎস্য, পর্যটন, পরিবহন, বনায়ন ও ব্যবসা-বাণিজ্যকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজের জন্য সৃষ্টি হতে পারে বিপুল কর্মসংস্থান। কর্মসংস্থানের অভাবে যারা এলাকা ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন, তাঁদের অনেকেই নিজ এলাকায় কাজের সুযোগ পেতে পারেন।
সরকারের সমন্বিত উদ্যোগই পারে বিলভাতিয়ার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে
বিলভাতিয়ার মতো বিশাল প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে প্রয়োজন দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা। এ জন্য পানি সম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ পরিকল্পনা সংস্থা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং পর্যটন সংশ্লিষ্ট দফতরের সমন্বিত উদ্যোগ জরুরি।
প্রথম পর্যায়ে বিলটির সীমানা, সরকারি-বেসরকারি জমির পরিমাণ, জলাশয়ের প্রকৃত অবস্থা, পানি প্রবাহ, পরিবেশগত প্রভাব ও অর্থনৈতিক সম্ভাবনা নিরূপণে পূর্ণাঙ্গ সমীক্ষা করা প্রয়োজন। এরপর পর্যায়ক্রমে খনন, পানি সংরক্ষণ, মৎস্য অভয়াশ্রম, বনায়ন, যোগাযোগব্যবস্থা ও পর্যটন অবকাঠামো উন্নয়নের প্রকল্প গ্রহণ করা যেতে পারে। পাশাপাশি সরকারি জমি ও জলাশয় সংরক্ষণ এবং স্থানীয় জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে।
স্থানীয় অর্থনীতিবিদরা বলেন, বিশাল এ বিলকে ঘিরে পরিকল্পিত প্রকল্প গ্রহণ করা হলে চাঁপাইনবাবগঞ্জের ভাগ্য বদলে যেতে পারে। পর্যটন এলাকা হিসেবে এটি দেশের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা আরো বলেন, বিলভাতিয়া শুধু ভোলাহাটের সম্পদ নয়, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেরও একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এ বিলকে ঘিরে সরকারি উদ্যোগ গ্রহণ করা হলে কৃষি, মৎস্য, পর্যটন ও কর্মসংস্থানে ব্যাপক পরিবর্তন আসতে পারে। বিলভাতিয়ার উন্নয়নে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান স্থানীয় অর্থনীতিবিদেরা।
বিলভাতিয়াকে অবহেলিত জলাভূমি হিসেবে ফেলে না রেখে পরিকল্পিতভাবে জাতীয় সম্পদে পরিণত করার উদ্যোগ নেয়ার দাবি সচেতমহলের। একটি সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এ বিল শুধু ভোলাহাটের চেহারাই বদলাবে না, বরং কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ, পরিবেশ সংরক্ষণ, পর্যটন ও কর্মসংস্থানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করছ সচেতন মহল।
ভোলাহাটবাসীর প্রত্যাশা—সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো বিলভাতিয়ার সম্ভাবনা যাচাই করে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে। কারণ, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নই পারে বিলভাতিয়াকে সম্ভাবনার বিল থেকে সমৃদ্ধির বিলে রূপান্তরিত করতে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








