
কূটনৈতিক প্রতিবেদক
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে সম্প্রতি মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশীর ব্যাপারে জানতে চেয়েছে বাংলাদেশ।
গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলী) নজরুল ইসলাম রাষ্ট্রদূতের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। এ সময় রাষ্ট্রদূতের কাছে দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয় এবং রাষ্ট্রদূতের কাছে একটি কূটনৈতিকপত্র দেয়া হয়।
গতকাল শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে বার্তা এসেছে, মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ব্যভিচারে লিপ্ত ছিলেন দুই বাংলাদেশী, যা সৌদি আইনে একটি গর্হিত কাজ হিসেবে গণ্য। ওই আইন অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার এ সংক্রান্ত কোনো তথ্য পায়নি। বাংলাদেশ তাই দু’জনের বিস্তারিত জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। সৌদি আরব চিঠির জবাব দিলে মৃতদেহগুলো কিভাবে ফেরত আনা যাবে সে বিষয়ে আলোচনা হবে।
গত বুধবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে অভিযুক্ত দুই বাংলাদেশী নাগরিক নজরুল ইসলাম আব্দুল বাসির এবং সিথি আকতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঘটনার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে এবং তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তীতে বিচারিক আদালত অপরাধের গুরুত্ব, স্থান ও পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনা করে তাদের দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন। সৌদি আরবের উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রায় বহাল রাখেন এবং রাজকীয় ফরমান জারির মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।
বিবৃতিতে জানানো হয়, সৌদি সরকার নিরাপত্তা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মসজিদের পবিত্রতা নষ্টকারী ও অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে ইসলামী আইন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








