অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় থাকা উচিত উচ্চ রক্তচাপের ওষুধ

 নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে রোগ তালিকার শীর্ষে রয়েছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। বছরে প্রায় পাঁচ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ। সহজে প্রাপ্তির সুবিধার্থে উচ্চ রক্তচাপের ওষুধকে সরকারের অত্যাবশ্যকীয় তালিকায় রাখা উচিত। এখনো অনেক উচ্চ রক্তচাপে আক্রান্ত নারী-পুরুষ শুধুমাত্র অর্থের অভাবে নিয়মিত ওষুধ সেবন করতে পারেন না। এ ছাড়া দেশের সর্বত্র উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্তি নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোরও আহ্বান জানানো হয়েছে এ বিষয়ক একটি কর্মশালায়। তবে ইতোমধ্যেই জাতীয় বাজেটে জনস্বাস্থ্য উন্নয়নে সম্প্রতি সরকার স্বাস্থ্য বাজেট বৃদ্ধি করেছে। তবে, বর্ধিত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খরচ করা হলে উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি ও মৃত্যু কমানো সম্ভব। গতকাল রোববার রাজধানীর বিএমএ ভবনে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন : অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় এই আহ্বান জানানো হয়। 
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’র তথ্য অনুযায়ী বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। ২০২৪ সালে দেশে হৃদরোগে মৃত্যুবরণ করেছেন প্রায় দুই লাখ ৮৩ হাজার ৮০০। পরিসংখ্যানে বলা হয়েছে, এর ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। উদ্বেগের বিষয় হলো, তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপের প্রকোপ ক্রমেই বাড়ছে। ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’র তথ্য অনুযায়ী ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত।
এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো: রিয়াদ আরেফিন জানান, ‘২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্ধিত বরাদ্দ অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা গেলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।’
 ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আকতার মালা বলেন, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ ঘটে অসংক্রামক রোগে, অথচ এখানে বরাদ্দ স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ। বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, দেশে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে রক্তচাপে। এটি নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের এবং বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

Advertisement