
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শুধু পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি নয়, অর্থনীতির চাকা সচল রাখা এবং কর্মসংস্থান সৃষ্টিকেও বিনিয়োগের কেন্দ্রে নিয়ে এসেছে বিশ্বব্যাংক গ্রুপ। তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন রূপান্তরমূলক প্রকল্প ও বিনিয়োগের মাধ্যমে ১০ দশমিক ৭ বিলিয়ন ডলারের অতিরিক্ত বেসরকারি পুঁজি আকর্ষণের আশা করা হচ্ছে।
পাশাপাশি গ্রাহক ও সংশ্লিষ্ট দেশের উন্নয়ন অগ্রাধিকার, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে বিনিয়োগ করা হবে ৬ দশমিক ৯ বিলিয়ন ডলারের বেশি বলে বিশ্বব্যাংক থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।
বিশ্বব্যাংক গ্রুপ জানায়, কৃষি, উৎপাদনশিল্প, নগর অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে ছড়িয়ে পড়বে এসব বিনিয়োগ। বিশ্বব্যাংকের প্রত্যাশা, এর ফলে একদিকে জলবায়ু ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বাড়বে, অন্যদিকে তৈরি হবে নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ। জলবায়ু সহনশীল উন্নয়নকে তারা এখন প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম ভিত্তি হিসেবে দেখছে। নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ ব্যবসা ও শিল্পের সম্প্রসারণে সহায়তা করবে। কৃষিতে উৎপাদনশীলতা বাড়লে কৃষকের আয় বাড়বে। আর জলবায়ু সহনশীল অবকাঠামো বিনিয়োগ সুরক্ষার পাশাপাশি মানুষকে বাজারের সাথে যুক্ত রাখবে এবং দুর্যোগের মধ্যেও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সহায়তা করবে।
বিশ্বব্যাংকের এই ঘোষণা এসেছে জলবায়ু অর্থায়নে সংস্থাটির ক্রমবর্ধমান বিনিয়োগের ধারাবাহিকতায়। ২০২৬ অর্থবছরে বিশ্বব্যাংক গ্রুপ জলবায়ু সহায়ক সুবিধাসহ মোট ৪৮ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে। একই সময়ে বেসরকারি খাত থেকে সংগ্রহ করেছে আরও ৪৮ বিলিয়ন ডলার। অর্থাৎ সরকারি ও বেসরকারি উৎস মিলিয়ে জলবায়ু অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২১ শতাংশ বেশি।
কৃষি ও শিল্পে কর্মসংস্থানের লক্ষ্য
কৃষি ও উৎপাদনশিল্পে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বড় পরিকল্পনা রয়েছে বিশ্বব্যাংকের। তুরস্কে কৃষকদের অর্থায়ন ও বাজারে প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল শক্তিশালী করতে একটি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় ২ লাখ ২৫ হাজার কৃষক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ১ লাখের বেশি কর্মসংস্থানের সমতুল্য সুযোগ তৈরি হবে। কৃষিতে বাণিজ্যিক অর্থায়ন বাড়ানো এবং উৎপাদন প্রক্রিয়ায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোও এ উদ্যোগের লক্ষ্য। বিশ্বব্যাংকের ‘এগ্রিকানেক্ট’ পদ্ধতির অংশ হিসেবে নেয়া এ কর্মসূচি ৩০ কোটি ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছানোর বৃহত্তর লক্ষ্যের সাথেও যুক্ত।
তুরস্কের ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগসহ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ও ডিজিটাল প্রযুক্তি গ্রহণে দীর্ঘমেয়াদি অর্থায়ন দেবে বিশ্বব্যাংক। এ কর্মসূচির আওতায় শত শত প্রতিষ্ঠানকে রূপান্তর পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে সহায়তা করা হবে। এর ফলে এক লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি এবং অতিরিক্ত বাণিজ্যিক অর্থায়ন আকর্ষণের আশা করছে সংস্থাটি।
অন্যদিকে আফগানিস্তানে কৃষি বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের একটি কেন্দ্র গড়ে তুলতে সহায়তা করছে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা (আইএফসি)। স্থানীয়ভাবে কৃষি বর্জ্যকে সার উৎপাদনের উপকরণে রূপান্তরের মাধ্যমে মাটির স্বাস্থ্য ও কৃষি উৎপাদনশীলতা বাড়ানো হবে। একইসাথে দেশটির ভঙ্গুর বাজারে স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে প্রকল্পটির।
বিদ্যুৎ ও অবকাঠামোয় জলবায়ু সুরক্ষার বিনিয়োগ
জ্বালানি নিরাপত্তা বাড়ানো এবং বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমানোর লক্ষ্যে তিমুর-লেস্তেতে সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করছে আইএফসি। ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ নতুন এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএর বেসরকারি খাতভিত্তিক কর্মসূচি (আইডিএ-পিএসডব্লিউ) এবং বহুপক্ষীয় বিনিয়োগ গ্যারান্টি সংস্থার (মিগা) নিশ্চয়তা।
বিশ্বব্যাংকের প্রত্যাশা, প্রকল্পটি জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি দেশটির জ্বালানি নিরাপত্তা জোরদার করবে। এতে বছরে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আনুমানিক ১ দশমিক ৫ থেকে ২ শতাংশ সমপরিমাণ সাশ্রয় হতে পারে। ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য অর্থনীতির জন্যও প্রকল্পটি অনুসরণযোগ্য একটি মডেল হয়ে উঠতে পারে।
তুরস্কে পানি, পয়ঃনিষ্কাশন ও নগর পরিবহন অবকাঠামো উন্নয়নেও সমন্বিত বিনিয়োগের উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ। এর আওতায় ১৬ লাখ ৫০ হাজার মানুষ নিরাপদভাবে পরিচালিত পানি ও পয়ঃনিষ্কাশন সেবার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি প্রায় ১৫ লাখ মানুষের জন্য টেকসই পরিবহনব্যবস্থার উন্নতি ঘটবে। জলবায়ু সহনশীল অবকাঠামো শক্তিশালী হওয়ার ফলে উপকৃত হবেন ৩০ লাখের বেশি মানুষ। এ উদ্যোগটি ‘ওয়াটার ফরোয়ার্ড’ নামের একটি বহু অংশীজনভিত্তিক জোটের অংশ। ২০৩০ সালের মধ্যে ১০০ কোটির বেশি মানুষের পানি নিরাপত্তা নিশ্চিত করাই এ জোটের লক্ষ্য।
জলবায়ু অর্থায়নে নতুন বাজারের সন্ধান
জলবায়ু বিনিয়োগের অর্থায়ন বাড়াতে তুরস্কের ব্যাংকগুলোর মাধ্যমেও নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। কয়েকটি টেকসই অর্থায়ন ঋণের মাধ্যমে সামাজিক অন্তর্ভুক্তি, ব্লু ইকোনমি বা সমুদ্রভিত্তিক অর্থনীতি, জলবায়ু অভিযোজন এবং তুরস্কের স্বল্প-কার্বন অর্থনীতিতে রূপান্তরের জন্য মূলধন সরবরাহ করা হবে। এ ক্ষেত্রে ব্লু ডিজিটালি নেটিভ নোটসহ নতুন ধরনের অর্থায়ন উপকরণ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
বিশ্বব্যাংক গ্রুপের আরেকটি উদ্যোগের লক্ষ্য বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে পরিবেশবান্ধব উৎপাদনের দিকে নিয়ে যাওয়া। এ জন্য মিশ্র অর্থায়নভিত্তিক একটি নতুন তহবিল গঠন করা হচ্ছে। এর মাধ্যমে মূলত উদীয়মান বাজারের ক্ষুদ্র ও মাঝারি টেক্সটাইল, পোশাক ও জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পরিচ্ছন্ন ও প্রতিযোগিতামূলক উৎপাদনে বিনিয়োগের সুযোগ পাবে।
এই তহবিলে আইএফসির অর্থায়নের পাশাপাশি গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির সহজ শর্তের তহবিল এবং বৈশ্বিক ব্র্যান্ডগুলোর কারিগরি সহায়তা ও বিনিয়োগ যুক্ত হবে। জ্বালানি দক্ষতা বাড়ানো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, পানি সাশ্রয়, চক্রাকার অর্থনীতি এবং শিল্পদূষণ কমানোর মতো বিষয়গুলোতে বিনিয়োগে সহায়তা করা হবে।
বিশ্বব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, উৎপাদনকারী প্রতিষ্ঠান, অর্থায়নকারী এবং বৈশ্বিক ক্রেতাদের একই কাঠামোর আওতায় এনে এমন বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে, যেগুলোর জন্য প্রচলিত ব্যবস্থায় অর্থায়ন পাওয়া কঠিন। এতে একদিকে উৎপাদন খরচ ও পরিবেশগত চাপ কমবে, অন্যদিকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে পারবেন উৎপাদকরা।
সব মিলিয়ে কপ৩১-এ বিশ্বব্যাংক গ্রুপের ঘোষণায় একটি বিষয় স্পষ্ট—জলবায়ু বিনিয়োগকে আর শুধু পরিবেশ রক্ষার প্রকল্প হিসেবে দেখা হচ্ছে না। এর সঙ্গে যুক্ত হচ্ছে উৎপাদন, আয়, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা ও বাজার সম্প্রসারণের প্রশ্ন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার পাশাপাশি অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করাই এখন এই বিনিয়োগ কৌশলের অন্যতম প্রধান লক্ষ্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








