সেনাবাহিনী
সেনাবাহিনীর প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ। নয়া দিগন্ত

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে এবং প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে বাটনাতলী আর্মি ক্যাম্পে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Advertisement

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কর্মসূচির উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল। 

দুর্গম পাহাড়ের প্রান্তিক খামারিরা এ প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনের আধুনিক পদ্ধতি শেখানো হয়। পাশাপাশি সাধারণ রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয়। এতে দুর্গম এলাকার খামারিরা পশুপাখি পালনে বৈজ্ঞানিক জ্ঞান ও হাতেকলমে দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রয়োজনীয় পশু-পাখির ওষুধ বিতরণ করা হয়।

উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন বাটনাতলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আফিফ আবিদুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুকান্ত কুমার সেন। এ ছাড়া স্থানীয় হেডম্যান, কারবারিসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।