ম্যাপ
ম্যাপ। সংগৃহীত ছবি

শাদের মধ্যাঞ্চলের মঙ্গো কারাগার থেকে সপ্তাহের শেষে ৩০ জন বন্দী পালিয়ে গেছেন। এ ঘটনায় দু’জন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার (১৬ নভেম্বর) এএফপিকে এ তথ্য জানিয়েছে।

Advertisement

গুয়েরা প্রদেশে সরকারের প্রতিনিধি আবদুলায়ে ইব্রাহিম সিয়াম বলেন, রোববারের বিশৃঙ্খলায় তিনজন আহত হয়েছেন।

তিনি বলেন, ‘আমরা ৩০ জন বন্দীর পালিয়ে যাওয়ার খবর পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের সদস্যরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছেন।’

মঙ্গো শহরের উপ-প্রশাসক আহমাত তাগাল বলেন, পালানোর চেষ্টা করা আরো প্রায় ২২ জন বন্দীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুনরায় আটক করেছে।

কর্তৃপক্ষ জানায়, বন্দীদের পালানোর সময় কারাগারের বেশ কয়েকটি দফতরে আগুন দেয়া হয়। ঘটনার আগে কারাগারটিতে ৫১০ জন বন্দী ছিলেন।

এর আগে ২০২৫ সালের এপ্রিলে একই কারাগারে ভয়াবহ বন্দী বিদ্রোহের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। ওই ঘটনায় আরো তিনজন আহত হন। তাদের মধ্যে প্রাদেশিক গভর্নরও ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় তিনি আহত হন।

সে সময় কয়েকজন বন্দী কারারক্ষীদের অস্ত্র ছিনিয়ে নিতে সক্ষম হয়। এর ফলে ব্যাপকভাবে বন্দী পালানোর ঘটনা ঘটে। তখন শতাধিক বন্দী কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

সূত্র : বাসস