
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাভার সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সাতটি ইউনিটকে আনুষ্ঠানিকভাবে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ (জাতীয় পতাকা) প্রদান করেছেন। গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ইউনিটগুলোর হাতে এই রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন। ন্যাশনাল স্ট্যান্ডার্ড লাভকারী ইউনিটগুলো হলো- ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সশস্ত্রবাহিনীর প্রকৃত শক্তির মূল উৎস শৃঙ্খলা, দক্ষতা, নৈতিকতা ও জনগণের অবিচল আস্থা। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় একটি আধুনিক, পেশাদার ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। একই সাথে অর্জিত এই গৌরবের মর্যাদা রক্ষা করে দায়িত্ব পালনে আরো নিষ্ঠাবান হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা ও নৌবাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








