সিলেটে আ’লীগের বৈঠকের অভিযোগে সাংস্কৃতিক জোট কার্যালয়ে জাসাসের তালা
সিলেটে আ’লীগের বৈঠকের অভিযোগে সাংস্কৃতিক জোট কার্যালয়ে জাসাস কর্মীরা তালা দেয়। নয়া দিগন্ত

সিলেট নগরীর কিনব্রিজের মুখ সংলগ্ন সারদা স্মৃতি হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের প্রস্তুতি চলছিল—এমন অভিযোগে একটি কক্ষে তালা ঝুলিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীরা। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবি ও প্রতিকৃতির ফ্রেমও সরিয়ে ফেলা হয়।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাসাস নেতারা সারদা স্মৃতি হলে অবস্থিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে গিয়ে এ পদক্ষেপ নেন।

জাসাস নেতাদের দাবি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা খবর পাচ্ছিলেন, সারদা স্মৃতি হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সভা করছেন। রোববার রাতে সেখানে নতুন করে সভা আয়োজনের প্রস্তুতির খবর পেয়ে সোমবার তারা হলে যান। পরে বিভিন্ন ছবি ও প্রতিকৃতির ফ্রেম সরিয়ে হলের প্রবেশপথে তালা লাগিয়ে দেন।

জাসাস নেতারা জানান, সারদা স্মৃতি হলটি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মালিকানাধীন। এ কারণে হলের চাবি সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর কাছে হস্তান্তর করা হবে। হলটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত প্রশাসন নেবে।

সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান বলেন, তালা লাগানোর সময় জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।