
ইরানে হামলার জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইতোমধ্যেই তিনটি রণতরীর মাধ্যমে বিপুলসংখ্যক সৈন্য মধ্যপ্রাচ্য অঞ্চলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বপূর্ণ এলাকায় ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ বিমানবাহী রণতরী পৌঁছানোর পর বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৫৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। বিস্তারিত বিষয়ে ওয়াকিবহাল একটি সূত্র দ্য জেরুসালেম পোস্ট-কে এই তথ্য জানিয়েছে।
সেন্ট্রাল কমান্ডের অধীনে বর্তমানে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনা করছে। এমন পরিস্থিতি গত এপ্রিল মাসের পর এবং এর আগে ২০০৩ সালে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের সময় দেখা গিয়েছিল।
রোববার সন্ধ্যায় ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ইরান বিষয়ক এক দীর্ঘ বৈঠকে বসে। দুই ইসরাইলি সূত্র পোস্ট-কে জানিয়েছে যে, প্রধানমন্ত্রী এবং আইডিএফ (ইসরাইলি সামরিক বাহিনী)-এর চিফ অব স্টাফের মধ্যে মতবিরোধের খবর শোনা গেলেও, ইরানের বিষয়ে 'তাদের উভয়কে একই পৃষ্ঠায় রয়েছে বলে মনে হচ্ছে।'
এক সূত্র পোস্ট-কে বলেছেন, 'আইডিএফ-এর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান সম্পর্কে একই সিদ্ধান্তে পৌঁছেছেন এবং আলোচনার সময় একে অপরের সাথে দ্বিমত পোষণ করেননি। তথ্য বা সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো অমিল ছিল না।'
আইডিএফ বিশ্বাস করে যে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠন অব্যাহত রেখেছে
তেল আবিবের কিরিয়া সামরিক সদর দফতরের অপারেশনস ডিরেক্টরেটের ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে জ্যেষ্ঠ আইডিএফ কর্মকর্তারা জানান যে, দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হওয়া সত্ত্বেও ইরানি রেভলুশনারি গার্ড ও সরকার তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা পুনর্গঠনে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ বিনিয়োগ করে চলেছে।
মন্ত্রীরা কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছেন, 'আসন্ন শীতে এই শাসকগোষ্ঠীকে মারাত্মক গ্যাস সংকটের মুখোমুখি হতে হবে, যার ফলে বাসিন্দারা তাদের ঘরবাড়ি গরম রাখতে অক্ষম হবে।'
সূত্র : জেরুসালেম পোস্ট
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








