
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।
ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝড়টি ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরবর্তীতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এটি ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’-এ পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
সোমবার বিকেলে প্রকাশিত এক বিশেষ বুলেটিনে আবহাওয়া দফতর জানায়, গভীর নিম্নচাপটি ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে ঝড়টির কেন্দ্র দক্ষিণ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে।
সর্বশেষ অবস্থান অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ভারতের চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে এবং শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৬৩০ কিলোমিটার উত্তর-পূর্বে রয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশের মাচিলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার ও উড়িশার গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে এটি অবস্থান করছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে উপকূলে আঘাত হানতে পারে। ভারতের অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর এবং তুনি এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে এটি স্থলভাগে উঠে আসার সম্ভাবনা রয়েছে।
উপকূল অতিক্রমের সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। তবে দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উড়িশায় সর্বোচ্চ সতর্কতা ও জরুরি প্রস্তুতি
মাত্র তিন সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে তৃতীয় ঘূর্ণিঝড়ের আশঙ্কায় নড়েচড়ে বসেছে ভারতের উড়িশা রাজ্য প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় বিশেষ করে রাজ্যের দক্ষিণাঞ্চল এবং উপকূলীয় জেলাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিটি জেলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা হচ্ছে। একইসাথে উদ্ধারকাজের জন্য জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং দমকল কর্মীদের সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সুরেশ পূজারি জানান, গত অক্টোবরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে সৃষ্ট বন্যায় উড়িশার দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপর চলতি মাসের শুরুতে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র কারণেও ভারী বৃষ্টিপাত হয়, তাই এবার আগেভাগেই সব ধরনের সতর্কতা নেয়া হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








