
ইয়েমেনে ইরান-সমর্থিত হাউছি (হুতি) বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সামরিক জোট বাহিনীর তদারকির দায়িত্বে থাকা কমান্ডারকে সরিয়ে দিয়েছে সৌদি আরব।
সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বাদশাহ সালমান সোমবার এক রাজকীয় ফরমানে জেনারেল ফায়াদ আল-রুয়াইলিকে এই জোটের কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন। ইয়েমেনি সরকারের অস্থায়ী রাজধানী এডেনের প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে জোট বাহিনী লোহিত সাগর উপকূলীয় অঞ্চলগুলো পুনরুদ্ধারের সাম্প্রতিক অভিযান ত্যাগ করতে বাধ্য হওয়ার প্রেক্ষাপটে লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামাদ আল-সালমানকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
জোট বাহিনী পিছু হটতে বাধ্য হওয়ার ঠিক একদিন পর আল-সালমানকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার রোববার জানিয়েছে যে, এডেন রক্ষার দিকে মনোযোগ দেওয়ার জন্য জোট বাহিনী গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর নিকটবর্তী এলাকাগুলো থেকে সরে আসছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ায় এই বাব আল-মান্দেব প্রণালী দিয়েই সৌদি আরবের তেল রফতানি অব্যাহত রয়েছে।
এই পিছু হটার ঘটনাটি হাউছিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত সামরিক অভিযানের জন্য একটি বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। গত জুলাই মাসে ইয়েমেনের গৃহযুদ্ধ আবার শুরু হওয়ার পর থেকে হাউছিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে।
গত সেপ্টেম্বরে হাউছিদের এক আক্রমণে সরকার গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাসহ ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হারায়। পরে হাউছিদের আরো অগ্রাভিযানের মুখে তায়েজ শহরটিও সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে।
গ্রীষ্মকালে বাব আল-মান্দেব প্রণালী ও লোহিত সাগর উপকূলে হুতিদের অগ্রযাত্রার পর সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট সরকারি বাহিনী দ্রুত প্রণালীটির কাছাকাছি গুরুত্বপূর্ণ অবস্থানগুলো পুনরুদ্ধার করেছিল, তবে তারা মোখা শহরটি পুনর্দখল করতে ব্যর্থ হয়।
তারা জানিয়েছে, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে তারা ১৭৩ জন হাউছি যোদ্ধাকে হতাহত করেছে এবং মারিব, লাহিজ ও আল-জাওফে হুতিদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
তবে হাউছিরা এডেন শহরের ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরের একটি এলাকায় পৌঁছে যাওয়ার পর জোট বাহিনী এখন বাব আল-মান্দেব প্রণালীর কাছে তাদের দখলে থাকা ভূখণ্ড থেকে পিছু হটছে এবং এডেনের চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার প্রস্তুতি নিচ্ছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এই পিছু হটার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, এটি একটি বৃহত্তর কৌশলগত পদক্ষেপেরই অংশ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি বলেন, 'অস্থায়ী রাজধানী এডেন রক্ষায় গণপ্রতিরোধ বাহিনী ও দক্ষিণাঞ্চলীয় বাহিনীর বীরত্বপূর্ণ অবস্থানেরই সম্প্রসারণ হলো ।'
লড়াই অব্যাহত থাকায় সাধারণ বেসামরিক নাগরিকরা ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছেন। হাউছি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো ২০১৪ সালে গোষ্ঠীটির দখলে নেওয়া রাজধানী সানায় জোট বাহিনীর বিমান হামলার খবর দিয়েছে এবং জানিয়েছে যে, তায়েজের একটি স্কুলে হামলায় একজন নিহত হয়েছেন।
অবরুদ্ধ তায়েজ শহরের কর্তৃপক্ষ বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার জন্য মানবিক করিডোর চালুর আহ্বান জানিয়েছে। কারণ, চিকিৎসা কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, জ্বালানি ও অক্সিজেনের অভাবে হাসপাতালগুলো আগামী দুই দিনের মধ্যে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হতে পারে।
এর আগে সোমবার সৌদি আরব জানিয়েছে, মক্কা ও রিয়াদ অঞ্চল লক্ষ্য করে ছোড়া হাউছিদের দুটি ড্রোন তারা ভূপাতিত করেছে।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








