মানারাত ভার্সিটিতে ‘বাংলাদেশে ইসলামিক আইনের বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


বাংলাদেশে বিচ্ছিন্নভাবে কিছু আইন প্রণয়ন করে ইসলামী আইনের পূর্ণাঙ্গ সুফল পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেন। গত শনিবার আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) স্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে এমআইইউ ল ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘ইমপ্লিমেন্টেশন অব ইসলামিক ল’স ইন বাংলাদেশ : চ্যালেঞ্জেস অ্যান্ড প্রিপারেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে ড. নাজিবুর রহমান মোমেন বলেন, দেশে ইসলামী আইন বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো বুঝতে হলে প্রচলিত আইনি কাঠামো ও ইসলামী আইনের মৌলিক বিষয়ের ওপর গভীর পঠন-পাঠন প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ইসলামী অর্থনীতির প্রধান লক্ষ্য দারিদ্র্য বিমোচন, বৈষম্য কমানো ও সম্পদের সুষম বণ্টন। তাই বর্তমান ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এসব লক্ষ্য কতটা অর্জন করছে, তা পর্যালোচনা করা জরুরি। দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের আলোকে আইনি রূপরেখা তৈরির রাজনৈতিক আকাক্সক্ষা থাকলেও তা বাস্তবায়নে মতপার্থক্য ভুলে গঠনমূলক আলোচনার আহ্বান জানান তিনি। একই সাথে শিক্ষার্থীদের ইসলামী আইনবিষয়ক গবেষণা ও বিচারিক সিদ্ধান্ত অধ্যয়নের পরামর্শ দেন।
সেমিনারে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। তিনি বলেন, আধুনিক বিজ্ঞান ও দর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের পবিত্র কুরআন বেশি বেশি চর্চা করতে হবে। কুরআন কেবল মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির শান্তি ও কল্যাণের সর্বজনীন নির্দেশিকা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম মাহবুবুল ইসলাম। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, ধর্মনিরপেক্ষ সরকারের মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গ রাজনৈতিক, সামাজিক ও বিচারিক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়; এর জন্য ইসলামী সরকারের বিকল্প নেই। একই সাথে এ আন্দোলনকে সফল করতে জনসমর্থন ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন তিনি।
আইন বিভাগের প্রধান আবদুল্লাহ হিল গনির সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস. এম তাসমিরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement