হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়
হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। সংগৃহীত

ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে নতুন করে সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদের বিষয়ে তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

Advertisement

একইসাথে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে দুদক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সচিব মো: সাইদুর রহমান খান।

তিনি জানান, শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের এবং সাতটি মামলার চার্জশিট দাখিল করেছে দুদক। এসব মামলার অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে দেশে-বিদেশে মোট এক হাজার ৬২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।

সচিব বলেন, সংখ্যার চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতির বিচার নিশ্চিত করতে চায় দুদক।

গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুর্নীতি ও অর্থ পাচার, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাৎ এবং সিআরআই ও সূচনা ফাউন্ডেশনকে ঘিরে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ উঠে এসেছে।

দুদক সচিব আরো জানান, এসব দুর্নীতির মামলায় আসামিদের বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, জয়, পুতুল ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। বাসস