
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতার স্বাদ পেয়েছিল। তিনি দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা। সিপাহী-জনতার বিপ্লবের চেতনা ও জাতীয়তাবাদী দর্শন এ দেশের শিক্ষার্থীদের সবসময় অন্যায়, অত্যাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে উজ্জীবিত করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের ডা: কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়কাল ছিল দেশের জন্য এক বিভীষিকাময় অধ্যায়। একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। পরবর্তী সময়ে ১৫ আগস্টের পর নানা রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে সিপাহী-জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে মেজর জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে আসেন। তার হাত ধরেই জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতার স্বাদ পেয়েছিল।
তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে দিল্লির কাছে মাথা নত করা হয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু দেশের মুক্তিকামী ছাত্রসমাজ তা মেনে নেয়নি। কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে অভিহিত করার প্রতিবাদে পুরো দেশ জেগে উঠেছিল। একপর্যায়ে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত হতে হয়।
ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ ও ওয়াসিম আকরামসহ বীর শহীদদের স্মরণ করে রিজভী বলেন, যারা ন্যায়ের পক্ষে এবং দেশের স্বাধীনতা রক্ষায় লড়াই করে শহীদ হন, তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন। তাদের কখনো মৃত্যু হয় না। তাদের আত্মত্যাগ প্রমাণ করে, এ দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টের জন্য নয়; বরং এটি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।
রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আওয়াল। সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা: মোফাককারুল ইসলাম, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা: ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা: মনোয়ার তারিক সাবু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম। এ সময় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








