
এএফপি
রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত ৬০ দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ে বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এসব পদক্ষেপের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করলে বিশ্ব অর্থনীতি, এমনকি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও কী ধরনের প্রভাব পড়বে, তা বিশ্লেষণ করতে প্রেসিডেন্ট ৬০ দিনের সময় নিতে চান।’ রুবিও উল্লেখ করেন, এসব অর্থনৈতিক বিধিনিষেধের প্রভাব শুধু রাশিয়ার ওপর নয়, আরো কয়েকটি দেশের ওপরও পড়বে।
বিশ্বের বিভিন্ন স্থানে চলমান সঙ্ঘাত জ্বালানির দামের ওপর প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন রুবিও। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং ইয়েমেনের হাউছি গোষ্ঠীদের সৌদি আরবে হামলার বিষয়টি উল্লেখ করেন তিনি। রুবিও বলেন, ‘বিশ্বের বিভিন্ন স্থানে চলমান সঙ্ঘাতগুলো পরস্পরের সাথে জড়িয়ে পড়ছে। এর প্রভাব শুধু বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও ডিজেলের দামেই সীমাবদ্ধ থাকছে না; বিভিন্ন দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে।’ শনিবার রাতে ট্রাম্প বলেন, তার এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য সুফল বয়ে আনবে। তবে এ বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা স্পষ্ট নয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








